বেনাপোলে নারী-শিশুসহ আটক ২৯
অবৈধ পথে ভারতে যাওয়ার সময় নারী ও শিশুসহ ২৯ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সারাদিন বেনাপোলের পুটখালি সীমান্তে আটকদের মধ্যে ১১জন পুরুষ, ১৪ জন নারী ও চার জন শিশু রয়েছে।
আটককৃতদের বাড়ি নড়াইল, বরিশাল, মাগুরা, খুলনা ও যশোরের বিভিন্ন এলাকায়।
খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দালালরা অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালায়।
এ সময় পুটখালি সীমান্তের চরেরমাঠ ও দৌলতপুর সীমান্ত দিয়ে তাদের পাচারকালে বিজিবির টহলদল তাদের আটক করে।
আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে বিজিবি কর্মকর্তা জানান।
এ ব্যাপারে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে বেনাপোল পোর্ট থানায় আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম।
