পাট ভেজানোর পানি নেই
এখন পাট কাটার সময়। কিন্তু ডোবা ও নিচু জমিতে পাট জাগ দেয়ার মতো প্রয়োজনীয় পানি না থাকায় রংপুরের অনেক পাটচাষি বিপাকে পড়েছেন।
তবে, কেউ কেউ পাট কেটে জমিতে কিংবা নিচু জায়গায় স্তূপ করে রাখায় তা শুকিয়ে যাচ্ছে, যার ফলে পাটের গুণগতমান ও উৎপাদন কমে যাবে বলে জানায় কৃষি সম্প্রসারণ বিভাগ।
এবার তিন একর জমিতে পাট চাষ করেছেন মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের পানবাড়ি গ্রামের কৃষক আবুজার রহমান।
তিনি বলেন, “জাগ দেওয়ার পানি না থাকায় কাটা পাট পালা (স্তূপ) দিয়া থুচি। রইদোতে (রোদে) তা শুকি যাইতোচে।”
রংপুর সদরের সদ্যপুস্করণী ইউনিয়নের ফতেপুর গ্রামের নাজির হোসেন বলেন, “চার একর জমিতে পাট কচ্ছি। একটা ডোবাত পানি সেচ দিয়া দুই একরের পাট জাগ দিচি। ২-৩ দিন পর পর পানি সেচ দেওয়া নাগতোচে।”
পীরগাছার পারুল ইউনিয়নের দেউতি গ্রামের কৃষক তালেব আলী বলেন, “এক একর জমির পাট ট্রাকে করে ১৫ কিলোমিটার দূরে ঘাঘট নদীতে নিয়ে জাগ দিয়েছি। এতে উৎপাদন খরচ বেশি হচ্ছে।”
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবছর বৃষ্টিপাত না হওয়ায় খাল-বিল শুকিয়ে খাঁ খাঁ করছে। মাঝে মধ্যে বৃষ্টি হলেও তা মাটি শুষে নিচ্ছে, জমতে পারছে না।
“পাট পচানোর মতো পানি না থাকায় কৃষকরা পাট জাগ দিতে পারেছে না। অনেকে পাট কেটে জমিতে কিংবা নিচু জায়গায় স্তূপ করে রাখায় তা শুকিয়ে যাচ্ছে। এতে পাটের গুণগতমান ও উৎপাদন কমে যাবে।”
এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার ২০-৩০ শতাংশ জমির পাট কাটা হয়েছে। নির্ধারিত সময়ে পাট পচাতে না পারলে উৎপাদন লক্ষ্যমাত্রা কমে যাবে বলে তিনি মনে করেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর রংপুরের আট উপজেলায় ১২ হাজার ৬৪৫ হেক্টর জমিতে দেশি ও তোষা জাতের পাট চাষ হয়েছে, যাতে উৎপদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ৩১ হাজার ৯৫৫ মেট্রিক টন।
