২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের যেন বদনাম না হয়: সাংবাদিকদের প্রধানমন্ত্রী

সরকারের গঠনমূলক সমালোচনা করতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2014, 10:09 PM

Updated : 13 Oct 2022, 12:21 PM

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সহযোগিতা প্রত্যাশা করে সাংবাদিকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “সমালোচনা করেন। কিন্তু তাতে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। বাংলাদেশের যেন বিদেশে বদনাম না হয়, সে বিষয়ে লক্ষ্য রাখবেন।”

শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে বক্তব্য দেন শেখ হাসিনা।

বক্তব্যের শুরুতেই সবাইকে ঈদের আগাম শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।

সংবাদপত্রকে ‘সমাজের দর্পণ’ হিসাবে উল্লেখ করে তিনি বলেন, “বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ছাড়া কোনো সমাজ কিন্তু গড়ে উঠতে পারে না।

“এমন এমন সংবাদ পরিবেশন করা হয়- যার সত্যতা খুঁজে পাই না।”

সাংবাদিকদের উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপ  তুলে ধরেন শেখ হাসিনা।

বিভিন্ন খাতে অগ্রগতির কথা উল্লেখ করে তিনি বলেন, “টেলিভিশনের টকশোতে কতো ঝাঁঝ তা আপনারা উপলব্ধি করতে পারেবেন না, আমরা বুঝতে পারি। কারণ আমাদের গায়ে এসে লাগে। বাঘা তেঁতুলের মতো টক।

“সেই টকশো করার সুযোগ আমরা দিচ্ছি। আমরা কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করছি না। মানুষ ইচ্ছা মতো কথা বলছে।”

প্রধানমন্ত্রী বলেন, “সকালে ঘুম থেকে উঠে সংবাদপত্র দেখা এবং সেখান থেকে আমরা সমগ্র দেশের মানুষের কথা জানতে পারি।”

১৯৭৫ সালের ১৫ অগাস্টের পর সামরিক শাসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “অবৈধভাবে ক্ষমতা দখলের প্রক্রিয়া শুরু হলো। সংবিধান লংঘন করে, হত্যা, ক্যু, ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখলের পালা। মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় এসে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে দুর্নীতি, স্বজনপ্রীতি ও ঋণ খেলাপি সৃষ্টি করেছিল।”

তিনি বলেন, জিয়াউর রহমান ও এরশাদের শাসনামলে সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। গণতন্ত্র ছাড়া এই স্বাধীনতা কেউ কখনো ভোগ করতে পারে না।

তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে তথ্য কমিশন আইন করার কথাও বলেন প্রধানমন্ত্রী।

বাজেটের সিংহভাগ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করার কথা মনে করিয়ে দিয়ে শেখ হাসিনা বলেন, “কারো অনুদান বা সাহায্য নয়, আমরা নিজস্ব অর্থায়নে বাজেট বাস্তবায়ন করে আমরা নিজের পায়ে দাঁড়াতে চাই।

“আমাদের চ্যালেঞ্জ ছিল, পদ্মা সেতু নির্মাণের। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের কাজ শুরু করেছি।”

মূল্যস্ফীতি ছয় দশমিক নয় ভাগে নামিয়ে আনার কথাও বলেন সরকার প্রধান।

গত ১৬ জুলাই সাত হাজার ৪০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “আমাদের যে চাহিদা ছিল, সে চাহিদা মোতাবেক বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হয়েছি।”

শেখ হাসিনা বলেন, বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের জন্যই  ২০০৭ সালে সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে।

“তারা (চারদলীয় জোট সরকার) মানুষের জীবনকে অতিষ্ঠ করে তুলেছিল। আর এমার্জেন্সি আসে। তার ভুক্তভোগী আমরা সকলে। দমবন্ধ করা পরিবেশ দেশে ছিল।

“আওয়ামী লীগ সরকারে আসার পর সেই দমবন্ধ করা পরিবেশ আর নেই। এখন সকলে স্বস্তিতে বসবাস করতে পারছে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এগিয়ে যাবে।”

ইফতার অনুষ্ঠানে বিএনপি চেয়ারপরসন খালেদা জিয়ার দেয়া বক্তব্যের জবাব না দিলেও শেখ হাসিনা বলেন, “রমজান মাসে আমি কারো গিবত গাইতে আসিনি। তবে প্রতিদিন শুনছি। ইফতারের নামে অনেক কথা বলা হচ্ছে। রোজা মুখে গিবত গাওয়া উচিত না। গিবত আমরা শুনি।”

সমবায় সমিতির মাধ্যমে সাংবাদিকদের আবাসন সমস্যা সমাধানের সুযোগ সৃষ্টি করার আহ্বান জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, “শুধু ঢাকার সাংবাদিকরা সব পাবে।আর ঢাকার বাইরের সাংবাদিকরা কিছুই পাবে না- তা যেন না হয়। সেদিকে একটু খেয়াল রাখবেন।”

জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে বিএফইউজের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুলের সভাপতিত্বে এবং মহাসচিব আবদুল জলিল ভুঁইয়ার পরিচালনায় অনুষ্ঠানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আলতাফ মাহমুদ এবং সাধারণ সম্পাদক কুদ্দুস আফ্রাদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানস্থলে পৌঁছে টেবিলে টেবিলে ঘুরে সাংবাদিকদের সঙ্গে কুশল বিমিনয় করেন প্রধানমন্ত্রী।