মানচিত্রে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব
কার্বণ নিঃসরণ হার কমাতে না পারলে চলতি শতকের শেষ ভাগেই জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব পৃথিবীজুড়ে বিস্তৃত হবে।
মেট অফিস হ্যাডলি সেন্টারের তৈরি করা নতুন এক মানচিত্রে জলবায়ু পরিবর্তনের এমন প্রভাবই দেখানো হয়েছে।
বুধবার ব্রিটেনের পররাষ্ট্র ও কমনওয়েলথ বিষয়ক কার্যালয় ‘দ্য হিউম্যান ডায়নামিকস অফ ক্লাইমেট চেইঞ্জ’ শিরোনামে এই মানচিত্রটি প্রকাশ করে বলে ঢাকায় ব্রিটিশ হাইকমিশন থেকে জানানো হয়েছে।
এশিয়ার ৭০ ভাগ অঞ্চল বন্যায় আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে রয়েছে বলেও এতে দেখানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা অঞ্চলে খরার ব্যাপ্তিও ২০ শতাংশের বেশি বাড়ার ঝুঁকি তুলে ধরা হয়েছে মানচিত্রে।
পৃথিবীর জন্য ক্ষতিকর এই প্রভাবের কারণে মধ্য আমেরিকায় ভুট্টার উৎপাদন ১২ শতাংশ কমে গেছে।
একই সঙ্গে বিশ্বের কোনো কোনো অংশে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়ার পর্যন্ত বেড়ে গেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বেড়ে যাওয়ায় বিশেষ করে পূর্ব, দক্ষিণপূর্ব ও দক্ষিণ এশিয়ায় লক্ষ লক্ষ মানুষ প্রায়ই বন্যার কবলে পড়ছে।
নতুন এই মানচিত্রে বিশ্ব অর্থনীতিতে জলবায়ু পরিবর্তনের প্রভাবও দেখানো হয়েছে।
একটি অঞ্চলে শস্য উৎপাদন কমে যাওয়া এবং খরা, বন্যা এবং উচ্চ তাপমাত্রার কারণে অন্য দেশগুলো কীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে তা তুলে ধরা হয়েছে এতে।
জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কীভাবে খরা দির্ঘায়িত হতে পারে এবং একই সঙ্গে কৃষি ও ক্রমবর্ধমান জনগোষ্ঠীর পানির চাহিদা বেড়ে যাওয়ার চিত্রও তুলে ধরা হয়েছে।
“জলবায়ু পরিবর্তন যে একটি বৈশ্বিক সংকট, তা এই মানচিত্রের মধ্যে দিয়ে আবারও প্রতিষ্ঠিত হয়েছে। কোনো দেশই ঝুঁকির বাইরে নয়। আমাদের নিজেদের উন্নতি এবং নিরাপত্তার খাতিরেই এই ঝুঁকি কমাতে একসঙ্গে কাজ করা জরুরি।”
মেট অফিস হ্যাডলি সেন্টারের প্রধান বিজ্ঞানি ডেম জুলিয়া স্লিঙ্গো জানিয়েছেন, মানচিত্রে বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাবের চিত্র তুলে ধরতে বিজ্ঞানভিত্তিক সর্বশেষ তথ্য উপাত্ত ব্যবহার করা হয়েছে।
www.metoffice.gov.uk/human-dynamics, লিংকে গিয়ে মানচিত্রটি দেখা যাবে।
