২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুলকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

নাশকতার মামলায় ফের গ্রেপ্তার জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর আ ন ম শামসুল ইসলামকে কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jul 2014, 03:23 PM

Updated : 22 Aug 2022, 06:43 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাসুদ পারভেজ পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদের পরিবর্তে তাকে দুইদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

চট্টগ্রাম জেলা আদালত পুলিশের পরিদর্শক অনু মং বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লোহাগাড়ার দুইটি মামলায় শামসুল ইসলামকে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করা হয়েছিল।

বুধবার সকালে জামিনে মুক্তি পাওয়ার পরপরই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ফটক থেকে আবার গ্রেপ্তার করা হয় সাতকানিয়ার সাবেক সাংসদ শামসুলকে।

চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ ক্যাম্পে হামলা, পেট্রোল পাম্পে আগুন দেয়ার ঘটনায় করা দুটি নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

গত ১২ মে চট্টগ্রামের সিরাজ উদদ্দৌল্লাহ সড়ক সংলগ্ন নগর জামায়াতের কার্যালয় থেকে শামসুল ইসলামসহ জামায়াতের ২১ জনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তারের প্রতিবাদে পরদিন চট্টগ্রামে হরতাল ডাকে জামায়াতে ইসলাম।

পুরনো খবর:

কারাফটকে ফের গ্রেপ্তার জামায়াতের শামসুল