মেসি গোল পেলে ‘খুশি হতেন’ প্রধানমন্ত্রী
নিজের পছন্দের দল সেমিফাইনালে বাদ পড়লেও বিশ্বকাপ ফুটবলের ফাইনালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমর্থন ছিল আর্জেন্টিনার প্রতি। মেসি গোল করতে পারলে খুশি হতেন তিনি।
সোমবার মন্ত্রিসভার বৈঠকের শুরুতে অনির্ধারিত আলোচনায় ‘ব্রাজিল ফুটবল দলের সমর্থক’ প্রধানমন্ত্রী জানান, তিনিও অন্য অনেকের মতো রাত জেগে জামার্নি-আর্জেন্টিনা খেলা দেখেছেন।
বৈঠকে উপস্থিত একজন মন্ত্রী নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, আমার দল বাদ পড়লে কি হবে… খেলা দেখার অভ্যাস আছে না? মেসি গোল করতে পারলে এবং আর্জেন্টিনা জিতলে বেশি খুশি হতাম।”
রোববার রাতে ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে একমাত্র গোলে আর্জেন্টিনাকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতে নেয় জার্মানি। শেষ রাতের ওই ম্যাচ নিয়ে আলোচনা সকালে মন্ত্রিসভার বৈঠকে গড়ালে বেশ কয়েকজন মন্ত্রী তাতে অংশ নেন।
“ফাইনালে গোল করতে না পারায় ক্ষুব্ধ খাদ্যমন্ত্রী মেসিকে ‘ফাউল’ খেলোয়াড় আখ্যায়িত করেন। তবে কয়েকজন তার কথার প্রতিবাদ করেন।”
সোমবারের বৈঠকে সাতটি এজেন্ডা রাখায় এক মন্ত্রী তা নিয়ে মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে রসিকতা করেন বলে জানান একজন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, “ওই মন্ত্রী মন্ত্রিপরিষদ সচিবকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলেন, এতগুলো এজেন্ডা কেন রেখেছেন? সবাই রাত জেগে খেলা দেখেছি না?”
ওই প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে বেশ কয়েক জন মন্ত্রী-প্রতিমন্ত্রী অনুপস্থিত ছিলেন।
গত ১৪ জুন গণভবনে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে প্রধানমন্ত্রী জানান, বিশ্বকাপ ফুটবলে তিনি ব্রাজিলের সমর্থক।
প্রধানমন্ত্রী সেদিন বলেন, “খেলা দেখতে আমি পছন্দ করি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান দেখার পর প্রথম ম্যাচেরও অনেকটা দেখেছি। সকালে উঠে খেলার ফলাফলের খবর নিয়েছি।”
প্রতিদিন খেলার খোঁজ-খবর রাখছেন জানিয়ে ওইদিন শেখ হাসিনা বলেন, “আমি বলে দিয়েছি বিশ্বকাপে যার যে দল পছন্দ সে সেই দলের পতাকা ওড়াতে পারবে।”
