২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কান্দাপাড়া পল্লীর যৌনকর্মীরা চলে গেছেন

টাঙ্গাইলের কান্দাপাড়া যৌনপল্লীর প্রায় সাড়ে আটশ যৌনকর্মী এক রাতেই আবাস ছেড়ে চলে গেছেন।

টাঙ্গাইল প্রতিনিধি

কে এস রহমান শফি,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 10:18 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

পল্লীর বাড়ির মালিকরা জানান, টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আন্দোলনের পরিপ্রেক্ষিতে এবং স্থানীয় ‘বড় ভাইদের মৌখিক নির্দেশে’ শতাধিক বছরের এই পল্লীর যৌনকর্মীরা চলে গেছেন।

তারা চলে যাওয়ার পর পল্লীর ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করেছেন বাড়ির ৪৮ জন মালিক।

এ ব্যাপারে জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা শুনেছি যৌনকর্মীরা স্বেচ্ছায় চলে যাচ্ছে। এমন খবর পেয়ে প্রশাসনিকভাবে একটি কমিটি করে তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল চলে যাচ্ছে কেন? তারা কোনো কথা বলেনি।”

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. লাল হোসেনের নেতৃত্বে একটি টিম শনিবার সন্ধ্যায় টাঙ্গাইল যৌনপল্লী পরিদর্শনে গেলে কাউকে না পেয়ে তারা চলে আসে বলে জেলা প্রশাসক জানান।

তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।

পুলিশ সুপার (এসপি) সালেহ মোহাম্মদ তানভীর জানান, “যৌনকর্মীরা স্বেচ্ছায় চলে যাচ্ছে শুনেছি। তারা ভয়ে বা আতংকে চলে যাচ্ছে এমন কোনো অভিযোগ যৌনকর্মী বা কোনো সংগঠন আমাদের কাছে করেনি।”

তবু পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান এসপি।

স্থাণীয়রা জানান, প্রায় শত বছর আগে লৌহজং নদীর তীরে কান্দাপাড়ায় এই যৌনপল্লী গড়ে উঠেছিল। একে কেন্দ্র করে প্রায় পাঁচ হাজার পরিবার জীবিকা নির্বাহ করত।

গত ৬ জুলাই টাঙ্গাইল অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির ব্যানারে একটি সংগঠন কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ‘পতিতালয়’ উচ্ছেদের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে টাঙ্গাইল পৌর মেয়রের নিকট স্বারকলিপি দেয়।

পরবর্তীতে ১১ জুলাই কেন্দ্রীয় জামে মসজিদে ও বেবিস্ট্যান্ড মসজিদে ‘পতিতালয়’ উচ্ছেদকল্পে জেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা কমিটির নেতৃবৃন্দ আরেকটি সভা করেন।

বাড়িওয়ালী হেলেনা বেগম বলেন, “তিন দিন আগে আমাদেরকে মৌখিকভাবে জানানো হয় যৌন ব্যবসা বন্ধ করে অন্য ব্যবসা করতে হবে। আমার বাড়িতে ২৪টি ঘর ছিল। এখন আমি নিজ খরচে ঘর ভেঙে চলে যাচ্ছি।”

ভাঙার নিদের্শ কে দিয়েছে এমন প্রশ্নের উত্তর দেননি তিনি।

মিনা, আলেয়া, চান মিয়া, মান্নান, হালিমসহ কয়েকজন বাড়িওয়ালা জানান, কোনো নোটিশ ছাড়া শুধু ভয় ও আতংকের মুখেই তাদের বাড়িঘর ভেঙে চলে যেতে হচ্ছে।