চট্টগ্রামে অস্ত্রসহ ৪ ‘ডাকাত’ গ্রেপ্তার
চট্টগ্রাম নগরীর হালিশহর জি-ব্লক এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ চার ‘ডাকাত’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
জি-ব্লক খাল পাড় থেকে ডাকাতির প্রস্তুতিকালে রোববার গভীর রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. খসরু (২১), আব্দুল আলম ওরফে নয়ন (২০), মো. মোস্তফা হোসেন ওরফে রানা (২৫) ও মো. নজরুল ইসলাম (৩০)।
হালিশহর থানার ওসি শাহজাহান কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে আড়াইটার দিকে খাল পাড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃতরা খাল পাড় এলাকায় বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন ডাকাত খালের মধ্যে দিয়ে পালিয়ে যায়।
