২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাগর-রুনি হত্যা: তানভীরের জামিন চায় মানবাধিকার কমিশন

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলায় গ্রেপ্তার মো. তানভীর রহমানের জামিন চেয়ে হাই কোর্টে একটি রিট হয়েছে, যাতে বাদী হিসাবে রয়েছেন জাতীয় মানবাধিকার কমিশন ও এর চেয়ারম্যান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 03:49 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ রোববার আবেদনকারীদের বক্তব্য শুনে রিটের শুনানি মুলতবি করে দেন এবং বিচারিক আদালতের জামিন খারিজের আদেশের বিরুদ্ধে হাই কোর্টের নিয়মিত বেঞ্চে আবেদন করতে বলেন।

আবেদনকারীর আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ সাংবাদিকদের বলেন, “বিচারিক আদালত গত ২৬ জুন আমাদের জামিন আবেদন খারিজ করেছে। ওই আদেশের বিরুদ্ধে আমরা এখন হাই কোর্টের জামিনের বেঞ্চে আবেদন করব। জামিন না পেলে সেই আদেশের অনুলিপি নিয়ে এই আদালতে আসব।”

সাগর-রুনির ‘কথিত’ পারিবারিক বন্ধু তানভীর রহমান রাজধানীর স্কলাসটিকা স্কুলের ডেপুটি ম্যানেজার ছিলেন। পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে হাজির করলে ২০১২ সালের ১০ অক্টোবর বিচারক তাকে সাত দিনের রিমান্ডে পাঠান। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

তার আইনজীবীর দাবি, তানভীরকে ওই বছরের ১ অক্টোবর আটক করা হলেও আদালতে হাজির করা হয় ১০ দিন পর।

আটক হওয়ার পর তানভীর বিচারিক আদালতে জামিনের আবেদন করেন। তা খারিজ হয়ে গেলে হাই কোর্টে যান। ২০১৩ সালের ২ জুন হাই কোর্টের একটি বেঞ্চ আবেদনটি ‘উপস্থাপিত হয়নি’ মর্মে খারিজ করে দেয়।

পরে একটি অবকাশকালীন বেঞ্চ স্বল্প সময়ের জন্য জামিন দিয়ে তা নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠায়। আদেশের অনুলিপি না পাওয়ায় সেই আদেশে কারাগার থেকে বের হতে পারেননি তানভীর। এরপর নিয়মিত বেঞ্চও তার জামিন বাড়ায়নি।

বিচারিক আদালত তার জামিন আবেদন আবারো নাকচ করলে তার আইনজীবীরা ফের হাই কোর্টে আসেন এবং গত এপ্রিলে তা আবারো উপস্থাপিত হয়নি মর্মে খারিজ হয়।

ছেলেকে ‘বিনা-বিচারে’ আটকে রাখার অভিযোগ এনে গত ৯ ফেব্রুয়ারি তানভীরের বাবা মাহবুবুর রহমান জাতীয় মানবাধিকার কমিশনের সহযোগিতা চেয়ে আবেদন করেন। সেই আবেদন বিবেচনায় নিয়েই কমিশন ও এর চেয়ারম্যান মিজানুর রহমান এই রিট আবেদন করেন।

তানভীর রহমানের ‘বেআইনি আটকাদেশ’ কেন অবৈধ ঘোষণা করা হবে না- তা জানতে রুল চাওয়া হয় এই রিটে। পাশাপাশি তানভীরকে বেআইনিভাবে আটক করা হয়নি নিশ্চিত হতে তাকে কেন হাই কোর্টে হাজির করা হবে না- তাও জানতে আদেশ চাওয়া হয়।

এছাড়া ঘটনায় তানভীরের সম্পৃক্ততার বিবরণ চেয়ে সাত দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে র‌্যাবের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালক, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক, শেরেবাংলা নগর থানার ওসির প্রতি নির্দেশনা চাওয়া হয় রিটে।

পাশাপাশি দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তানভীরের অন্তর্বর্তীকালীন জামিনও চাওয়া হয়।

রিটে স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, র‌্যাবের মহাপরিচালক, র‌্যাবের গোয়েন্দা শাখার অতিরিক্ত মহাপরিচালক, মামলার তদন্তকারী কর্মকর্তা র‌্যাবের জ্যেষ্ঠ সহকারী মহাপরিচালক, শেরে বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, কাশিমপুর কারাগারের জেলার, গাজীপুরের জেলা প্রশাসককে রিটে বিবাদী করা হয়েছে।

ফাওজিয়া করিম বলেন, বাংলাদেশের আদালতে এ ধরনের আদেশের দৃষ্টান্ত না থাকলেও ভারতীয় আদালতে বহু দৃষ্টান্ত রয়েছে।

“আমরা বলেছি, তার বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ নেই। এফআইআরে তার নাম নেই। রিমান্ডে নেয়ার পরও তার কাছ থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এরপরও তিনি জামিন পাচ্ছেন না।”

২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজেদের ভাড়া বাসায় খুন হন মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তার স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি।

হত্যারহস্যের কিনারা করতে না পারায় হাই কোর্টের নির্দেশেই ২০১২ সালের ১৮ই এপ্রিল মামলাটি পুলিশ থেকে র‌্যাবে স্থানান্তর করা হয়।

র‌্যাব তদন্তের দায়িত্ব নেয়ার পর সন্দেহভাজন ১৬ জনের ডিএনএ নমুনা পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাঠায়। এছাড়া আলামত হিসেবে জব্দকৃত ছুরি ও পোশাকের নমুনাও পাঠানো হয়। কিন্তু তাতেও খুনি সনাক্ত করা যায়নি।

হত্যাকাণ্ডের এক বছর আট মাস পর ঘটনায় ‘জড়িত’ আটজনকে চিহ্নিত করে সাতজনকে গ্রেপ্তারের কথা জানান তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। এর মধ্যে পাঁচজনই আবার চিকিৎসক নেতা ডা. নারায়ণ চন্দ্র দত্ত নিতাই হত্যা মামলার আসামি।