২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি অংশীদার খুঁজছে বিমান

বাংলাদেশের তিন আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা পরিচালনায় বিদেশি অংশীদার খুঁজছে রাষ্ট্রীয় পতাকাবাহী প্রতিষ্ঠান বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আশিক হোসেন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2014, 02:14 PM

Updated : 22 Aug 2022, 06:42 PM

বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক আহমেদ জানান, এ বিষয়ে প্রস্তাব চেয়ে শিগগিরই বিদেশি গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টদের কাছে আরএফপি (রিকোয়েস্ট ফর প্রোপোজাল) চাওয়া হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আগে এ বিষয়ে আরএফআই (রিকোয়েস্ট ফর ইনফরমেশন) চাওয়া হয়েছিল। এখন সিদ্ধান্ত হয়েছে- আরএফপি চাওয়া হবে। তবে বিমান জয়েন্ট ভেনচারে যাবে কিনা- সে সিদ্ধান্ত পরে হবে।”

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রতিদিন দেশীয় চারটি বিমান সংস্থার প্রায় ৫০টি ফ্লাইট ছাড়াও ১৮টি দেশের ২৫টি বিমানসংস্থার প্রায় ১০০ উড়োজাহাজ ওঠানামা করে।

বিশ্বের অধিকাংশ আন্তর্জাতিক বিমানবন্দরে সেবার মান নিশ্চিত করতে একাধিক প্রতিষ্ঠানকে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব দেয়া হলেও বাংলাদেশে এ কাজ করে কেবল বিমান। কিন্তু প্রশিক্ষিত ও দক্ষ লোকবল এবং আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতার কারণে বিদেশি এয়ারলাইনসগুলো একাধিক প্রতিষ্ঠানকে হ্যান্ডলিং এজেন্ট হিসাবে নিয়োগের দাবি জানিয়ে আসছে।

গত বছর জানুয়ারিতে বিমান কর্মচারীদের ধর্মঘটের কারণে দেশের প্রধান বিমানবন্দর শাহজালাল প্রায় ৫ ঘণ্টা অচল থাকার পর এ দাবি আরো জোড়ালো হয়ে ওঠে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সে সময় বিকল্প গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট নিয়োগের জন্য মন্ত্রণালয়কে চিঠিও দেয়।

বিমানের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গ্রাউন্ড হ্যান্ডলার হিসেবে বিমানের আসলে কোনো ইক্যুইপমেন্টই নেই। গত ৫ বছরে এদেশে এয়ারলাইন্সের সংখ্যা বেড়েছে, কিন্তু সে হিসাবে বিমানের লোকবল বা ইক্যুইপমেন্ট বাড়েনি।”

এর আগে ২০০৬ সালে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য একটি স্বতন্ত্র কোম্পানি গঠনের পরিকল্পনা করা হয়েছিল, যার ওপর বিমানের সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না। কিন্তু শেষ পর্যন্ত এর অনুমোদন মেলেনি।

বিমানের অর্থবিভাগের হিসাব অনুযায়ী, শুধু গ্রাউন্ড হ্যান্ডলিং থেকে ২০১২-১৩ অর্থবছরে বিমানের আয় ছিল প্রায় পাঁচশ কোটি টাকা।

ওই বিমান কর্মকর্তা বলেন, “গ্রাউন্ড হ্যান্ডলিং যদি জয়েন্ট ভেনচারে হয় তাহলে যে বিদেশি কোম্পানি কাজ পাবে, তারা সেবার মান বাড়াতে বিনিয়োগ করবে। তারা বিমানের সাথে লাভ ভাগাভাগি করে নেবে।”

তবে বিমান কর্মচারীরা অংশীদারিত্বের ভিত্তিতে গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনার বিষয়টি স্বাভাবিকভাবে নিচ্ছেন না। তাদের আশঙ্কা, বিমানের লাভের সবচেয়ে খাত গ্রাউন্ড হ্যান্ডলিং হাতছাড়া হয়ে গেলে বহু কর্মীকে চাকরি হারাতে হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সিবিএ সভাপতি মশিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফ্লাইট অপারেট করে বিমান আজ পর্যন্ত লাভ করতে পারেনি। গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের টাকা দিয়েই কর্মীদের বেতন দেয়া হয়।

“এ খাতটি হাত থেকে চলে গেলে বিমানের অবস্থা হবে আদমজী জুট মিলের মতো। বিমানের বেশির ভাগ কর্মচারী দিনভিত্তিক চুক্তিতে কাজ করেন। তাদের বেশিরভাগই আর চাকরি করতে পারবেন না।”

এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহেদুল আলম অবশ্য গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি অংশীদার নেয়ার বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পৃথিবীর অন্যান্য দেশে একাধিক গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট কাজ করে। এতে তাদের মধ্যে প্রতিযোগিতা থাকে, যাত্রীসেবার মান বৃদ্ধি পায়। আমাদের এখানে একচেটিয়াভাবে বিমান এ কাজটি করে।”

ওয়াহেদুল আলম বলেন, “এটা প্রফেশনালিজমের যুগ। আমি পয়সা দিয়ে সার্ভিস কিনব, কিন্তু সার্ভিস পাব না, তাহলে তো হবে না। আমার মনে হয় বিমান যদি এ ধরনের কোন সিদ্ধান্ত নেয়, তা খুবই ইতিবাচক হবে।”

বিমানকর্মীদের আশঙ্কার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন মোসাদ্দেক বলেন, “এটি তখনই করা হবে যখন সেটি বিমানের স্বার্থ সংশ্লিষ্ট হবে। এখনো আমরা সে পর্যায়ে যাইনি। প্রস্তাবগুলো পাওয়ার পরে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে-আমরা যাব কি যাব না।”