গাজীপুরের নিখোঁজ নারী কাউন্সিলর হবিগঞ্জে উদ্ধার
নিখোঁজ হওয়ার পর দিন গাজীপুর সিটি করপোরেশনের এক নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর পারভীন আক্তারকে হবিগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকা থেকে তাকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আউসকান্দি এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা অবস্থায় একটি মাইক্রোবাস থেকে পারভীনকে উদ্ধার করে স্থানীয় জনতা।
“খবর পেয়ে তাকে উদ্ধার করে নবীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।”
কাউন্সিলরের নিখোঁজ হওয়ার কারণও তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কাউন্সিলর পারভীন (২৬) গাজীপুর সদর উপজেলার দক্ষিণ পানিশাইল পলাশ হাউজিং এলাকার মৃত মুক্তিযোদ্ধা চাঁন মিয়ার মেয়ে। তার স্বামী মিনহাজ উদ্দিন।
পানিশাইল ব্যাটারি ফ্যাক্টরির পাশে একটি গ্রাম্য সালিশে যোগ দিতে সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি।
রাতেও পারভীন বাড়ি না ফেরায় রাত ৯টার দিকে জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্বামী মিনহাজ উদ্দিন।
তার সন্ধান দাবিতে স্থানীয়রা শনিবার সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়।
