চট্টগ্রামে ছোরাসহ তিন ছিনতাইকারী গ্রেপ্তার
চট্টগ্রামের হেম সেন লেইন এলাকা থেকে ছোরাসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ভোরে এরফান, জাকির হোসেন ও রকিবুল হাসান নামে তিনজনকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।
১৯ থেকে ২১ বছর বয়সী এই তিন জনের বাসা নগরীর বাকলিয়া ডিসি রোডে।
কোতয়ালী থানার এসআই কামারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরে আসকার দীঘির পাড় এলাকায় ছিনতাই করার সময় পুলিশ টের পেয়ে তাদের ধাওয়া করে।
হেম সেন লেইনের মুখে পুলিশ তিন জনকে ধরে ফেলে। তাদের সাথে আরও একজন ছিনতাইকারী থাকলেও সে পালিয়ে যেতে সক্ষম হয়।
এসআই কামারুজ্জামান বলেন, ছিনতাইকারী চক্রটি দীর্ঘদিন ধরে গনি বেকারি, জামালখান, আসকার দীঘি, সার্সন রোড এলাকায় ছিনতাই করতো।
তাদের ব্যবহৃত টমটম গাড়ি, একটি ছোড়া এবং ছিনতাই করা একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।
এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
