২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে শিক্ষিকাকে উত্ত্যক্ত করায় শিক্ষার্থী বহিষ্কার

ক্যাম্পাসে এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার দায়ে দুই বছরের জন্য এক শিক্ষার্থীকে বহিষ্কার করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2014, 11:29 PM

Updated : 22 Aug 2022, 06:41 PM

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ওই শিক্ষার্থীকে বহিষ্কারের পাশাপাশি একই ঘটনায় জড়িত থাকার দায়ে সাবেক আরেক শিক্ষার্থীকে ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য মো. ফারুক উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,  “বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার ঘটনায় জড়িত থাকায় তদন্ত কমিটির রিপোর্টের সুপারিশে ব্যবসায় প্রশাসন বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী খালিদ হুসেন রাজিবকে দুইবছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

“একই ঘটনায় জড়িত থাকায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব শেষ হয়ে যাওয়া একই বিভাগের শিক্ষার্থী শফিকুল ইসলাম শফিককে ক্যাম্পাসে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে।”

সিন্ডিকেট সদস্য ফারুক জানান, গত মে মাসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে প্রাণরসায়ন ও অনুজীব বিজ্ঞান বিভাগের এক শিক্ষিকাকে দাঁড় করিয়ে ‘কটূ’ কথা বলেন রাজিব ও শফিক।

পরবর্তীতে তাদের নামে ওই শিক্ষিকা অভিযোগ করলে কর্তৃপক্ষ ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ইয়াসমিন হককে প্রধান করে পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে।

তদন্ত প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতেই দুই ছাত্রের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট এই সিদ্ধান্ত নেয়।