নড়াইলে দুপক্ষের সংঘর্ষে আহত ১০
নড়াইলের কালিয়া উপজেলায় আধিপত্য বিস্তারের চেষ্টায় এক ইউপি চেয়ারম্যান ও সদস্যের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
কালিয়া থানার ওসি মতিয়ার রহমান জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার পিরোলী বাজার এলাকায় পিরোলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান বাবু এবং সদস্য মোফাজ্জেলের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ বাঁধে।
সংঘর্ষে আহত ইউপি সদস্য মোফাজ্জেল হোসেনকে (৩৫) খুলনার ফুলতলা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং তার সমর্থক ইয়াসিন শেখকে (৩৫) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য নিয়ে বাবু ও মোফাজ্জলের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জেরেই রাতে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়।
ওসি মতিয়ার রহমান জানান, পরিস্থিতি এখন শান্ত। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে।
