কন্যা সন্তান জন্ম দেয়ায় স্ত্রীকে হত্যা
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় কন্যা সন্তান জন্ম দেয়ার অপরাধে এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে তার স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজন।
নিহত মৌসুমী আখতার (২৩) মথুরাপুর গ্রামের মৃত ওফিউদ্দিনের ছেলে আবদুস সালামের স্ত্রী। একই উপজেলার দুর্গাপুর গ্রামের ময়সার আলীর তার বাবা।
চিরিরবন্দর থানার ওসি রওশন মোস্তফা জানান, বুধবার রাতে উপজেলার মথুরাপুর গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে। খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের স্বামী সালামকে আটক করে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত মৌসুমীর ভাই নয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৯ সালে সালামের সঙ্গে বিয়ের এক বছর পর মৌসুমী একটি কন্যা সন্তান জন্ম দেয়। এরপর গত বছরের জুনে আরো একটি কন্যা সন্তানের জন্ম হয়।
“এর পর থেকেই মৌসুমীর উপর নির্যাতন শুরু করে সালামসহ তার শ্বশুর বাড়ির লোকজন।”
প্রতিবেশীদের বরাত দিয়ে নয়ন বলেন, “বুধবার রাতে মৌসুমী ও সালামের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে মৌসুমীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করে তার স্বামী।
“মৌসুমীর চিৎকার, মারধর ও ধস্তাধস্তির শব্দ শুনে রাতেই তাকে বাড়িতে আটকে রাখে এলাকাবাসী।”
ময়নাতদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা রওশন।
এদিকে বৃস্পতিবার দুপুরে সালাম ও তার মাসহ তিনজনকে আসামি করে নিহতের বাবা চিরিরবন্দর থানায় হত্যা মামলা করেছেন বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
