২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে মহিলা মেম্বারকে পেটালেন চেয়ারম্যান  

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক নারী ইউপি সদস্যকে চুরির অপবাদ দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2014, 06:05 PM

Updated : 25 Apr 2022, 04:24 PM

শুক্রবার রাতে আমগ্রাম ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে বলে নারী ইউপি সদস্য সরস্বতী বাড়ৈ (৪০) জানান।

তবে, এ ঘটানায় আমগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রাজৈর উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জমির খানের বক্তব্য পাওয়া যায়নি।  

রোববার দুপুরে সরস্বতী সাংবাদিকদের জানান, চেয়ারম্যান জমির খান তাদের জানান যে, তার ড্রয়ার থেকে এক লাখ টাকা হারিয়ে গেছে।

পরে এই চুরির ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে পরিষদে ‘আয়না পরা’ দেয়ার কথা বলে সকল মেম্বারকে ডেকে নেয়া হয়। সেখানে এক কবিরাজকে দিয়ে আয়না পরার সময় কবিরাজ অজ্ঞান হয়ে বলে- আয়নায় সে এক মহিলাকে দেখেছে, তার কপালে লাল রং।

“পরে চেয়ারম্যান আমাকে তার রুমে নিয়ে অকথ্য ভাষায় গালাগাল দেয়, আর লাঠি দিয়ে পেটায়,” বলেন সরস্বতী।

রোববার দুপুরে তিনি ঘটনাটি অতিরিক্ত পুলিশ সুপার উত্তম কুমার পালকে অবহিত করেন বলেও জানান।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার উত্তম পাল বলেন, “ওই ইউপি মেম্বার আমার কাছে এসেছিলেন, আমি তাকে মামলা করার পরামর্শ দিয়েছি। মামলা করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।”

এ ব্যাপারে জমির খানের সঙ্গে যোগাযোগ করলে তিনি কোনো কথা বলতে রাজি হননি।