সিরাজগঞ্জে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান
সিরাজগঞ্জে বীরাঙ্গনা ও মুক্তিযোদ্ধাদের সম্মাননা দিয়েছে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন।
শুক্রবার বিকালে জেলা শহরের একটি রেস্টুরেন্টে সালেহা ইসহাক গার্লস স্কুল এক্স স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ১৯ জন বীরাঙ্গনা ও তিন জন মুক্তিযোদ্ধাকে নগদ অর্থ ও শাড়ি-লুঙ্গি দেয়।
এছাড়া বীরাঙ্গনাদের সংগঠক সাফিনা লোহানীকে বিশেষ সন্মাননা প্রদান করা হয় এবং উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
এ উপলক্ষে ওই রেস্টুরেন্টে মতবিনিময় সভা ও ইফতার মাহফিলও আয়োজন করেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার।
তিনি বলেন, সেদিন বেশি দূরে নয়, খুব শিঘ্রই বীরাঙ্গনা মাতারা মুক্তিযোদ্ধাদের সমান মর্যাদা ও ভাতা পাবেন।
সংগঠনের সভাপতি মিতালী হোসেনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন জেলা প্রশাসক বিল্লাল হোসেন, পুলিশ সুপার এস এম এমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার শফিকুল ইসলাম শফি, মুক্তিযুদ্ধের ম সংগঠক আনোয়ার হোসেন রতু, মুক্তিযোদ্ধা সাংবাদিক আমিনুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হাই তালুকদার, পিপি আব্দুর রহমান ও সংগঠনের সাধারণ সম্পাদক রুমানা ইয়াছমিন শাওন প্রমুখ।
অনুষ্ঠানে রাজনৈতিক, মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক, সামাজিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
