সোনারগাঁওয়ে গৃহবধূসহ ২ খুন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এক গৃহবধূসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোনারগাঁও থানার ওসি রিজাউল হক জানান, শুক্রবার সকালে উপজেলার বারদী ইউনিয়নের ছোট অর্জুনদি গ্রাম এবং উপজেলার ললাটি এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
তারা হলেন- বারদী ইউনিয়নের সেনপাড়া এলাকার তোফাজ্জল হোসেনের মেয়ে হালিমা আক্তার (১৯) ও উপজেলার ললাটি এলাকার মৃত আবদুল করিমের ছেলে মনির হোসেন (৪৮)।
গৃহবধূ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের শাশুড়ি ও ননদকে আটক করা হয়েছে।
নিহতের স্বামী সুজন মিয়া হত্যায় জড়িত থাকতে পারে বলে সন্দেহে করছে পুলিশ। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছেন ওসি রেজাউল।
সুজন মোগড়াপাড়া ইউনিয়নের বাড়ি মজলিস এলাকার সামছুল হকের ছেলে।
এলাকাবাসীকে উদ্ধৃত করে ওসি রিজাউল হক জানান, হালিমা প্রেম করে পালিয়ে গিয়ে ২০১০ সালে সুজনকে বিয়ে করেন। এ ঘটনায় হালিমার পরিবারের করা মামলায় সুজন ও তার চাচাকে আসামি করা হয়। এর জের ধরে কিছু দিন পর সুজনের সঙ্গে হালিমার বিচ্ছেদ ঘটে।
সম্প্রতি সুজন হালিমাকে দ্বিতীয় দফা বিয়ে করেন। এ বিয়ের পর থেকেই হালিমাকে মারধর করতো সুজন। এ কারণে বাবার বাড়িতে চলে যায় হালিমা।
বৃহস্পতিবার সকালে সুজন তাকে ডেকে আনার পর বিকাল থেকে হালিমার মোবাইল ফোন নম্বর বন্ধ পায় তার স্বজনরা। পরে শুক্রবার সকালে মোগড়াপাড়া ইউনিয়নের অর্জুনদি লিচু বাগান থেকে হালিমার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
অপরদিকে ভোরে উপজেলার ললাটি এলাকার একটি সড়কের পাশ থেকে মনির হোসেনের লাশ উদ্ধার করে পুলিশ।
ওসি রেজাউল জানান, মনিরের গলায় গামছা পেঁচানো ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে।
দুটি লাশই উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
