বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় একটি কারখানার সংস্কার কাজ করার সময় তড়িতাহত হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বায়েজিদ থানার এসআই রত্মেশ্বর মজুমদার জানান, বুধবার সকালের দিকে ‘বিএসআরএস স্টিল মিলে’ এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মো. রয়েল (১৮)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে ওই পুলিশ কর্মকর্তা বলেন, সকালের দিকে রয়েলসহ অন্যরা কারখানাটির সংস্কার কাজ করছিলেন। এসময় বিদ্যুস্পৃষ্ট হন রয়েল। দ্রুত তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।
সেখানে সকাল সাড়ে ৯টার দিকে ওই কিশোরের মৃত্যু হয় বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর।
