২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে জেমএমবি সদস্য গ্রেপ্তার

রাজশাহী নগরীর মহিষবাথান এলাকা থেকে জামা’য়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2014, 05:03 PM

Updated : 22 Aug 2022, 06:36 PM

সোমবার দুপুরে আটক আবদুল মজিদ ওরফে কিলার বল্টু (৩৫) বাগমারা উপজেলার সেনোপাড়া গ্রামের জবান আলীর ছেলে।

বাগমারা থানায় দায়ের করা চারটি মামলার পলাতক আসামি এবং সিদ্দিকুল ইসলাম বাংলা ভাইয়ের ফাঁসির পর দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।

র‌্যাব-৫ এর সিনিয়র এএসপি মীর্জা গোলাম সারোয়ার বলেন, “আকটকৃত বল্টু জেএমবি নেতা শায়খ আবদুর রহমান, বাংলাভাই, আতাউর রহমান সানি, আউয়াল, কিলার মোস্তাক, মামুন মহুরী ও মাহতাব খামারুর অন্যতম সহযোগী ও তালিকাভুক্ত জেএমবি ক্যাডার।”

র‌্যাব-৫ এর জঙ্গি দমন সেলের একটি অপারেশন দল দুপুরে গোপন সংবাদ পেয়ে নগরীর মহিষবাথান এলাকার একটি বাড়ি থেকে তাকে আটক করে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে র‌্যাব-৫ এর সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়।

মীর্জা গোলাম সারোয়ার আরো বলেন, বল্টু এলাকায় ফিরে আবারো নিষিদ্ধ সংগঠন জেএমবির পলাতক সদস্যদের সংগঠিত করে জঙ্গি কার্যক্রমকে সক্রিয় করার চেষ্টা করছিলেন। এ জন্য তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাতে তাদের নিয়ে বৈঠকও করতেন।

বল্টু রাজশাহী জেলা পুলিশ বিশেষ শাখার ১২১ নম্বর তালিকাভুক্ত সর্বহারা সদস্য ছিল এবং ২০০৪ সালে  জেএমবিতে যোগ দিয়ে বাংলা বাহিনীর জুলুম-নির্যাতনের কাজে জড়িয়ে পরে বলে জানান এই র‌্যাব কর্মকর্তা।

বল্টুকে বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।