সাবেক স্বামীর বাড়ি থেকে উদ্ধার অপহৃত ছাত্রী
বরিশাল নগরী থেকে অপহৃত কলেজছাত্রীকে পিরোজপুরে তার শ্বশুরবাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ।
রোববার পিরোজপুর সদর থানা পুলিশ ওই ছাত্রীকে বরিশাল কোতোয়ালি থানায় হস্তান্তর করেছে।
শনিবার দুপুরে তাকে (নাম প্রকাশ করা হলো না) অপহরণ করা হয়। রাতে সাবেক স্বামী আসাদুজ্জামান প্রিন্সের পিরোজপুর সদরের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।
বরিশাল কোতোয়ালি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, মেয়েটির সাবেক স্বামী প্রিন্সকে আটকের চেষ্টা চলছে।
এছাড়া স্বীকারোক্তি গ্রহণের জন্য তাকে (কলেজ ছাত্রী) আদালতে পাঠানো হয়েছে।
পিরোজপুর সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, রাতে প্রিন্সের পিরোজপুর সদরের বাসায় অভিযান চালায় পুলিশ।
এ সময় সেখান থেকে প্রিন্সের সাবেক স্ত্রী বরিশাল থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধার করা হয়।
ওসি আরো জানান, অপহরণের ঘটনায় মেয়েটির অভিভাবকরা বরিশাল কোতোয়ালি থানায় অভিযোগ দাযের করায় তাকে ওই থানার হস্তান্তর করা হয়েছে।
পরীক্ষা দিয়ে বের হওয়ার পরে শনিবার দুপুরে নগরীর কালীবাড়ি রোডের সরকারি বরিশাল কলেজ এলাকা থেকে অপহরণ করা হয় সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শেষ বর্ষের এই ছাত্রীকে।
এ ঘটনায় ওই ছাত্রীর খালু বরিশাল কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগে অপহরণের জন্য মেয়েটির সাবেক স্বামী প্রিন্সকে দায়ী করা হয়।
