কালিয়াকৈর পৌর মেয়রের পিওনের ঝুলন্ত লাশ
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার মেয়র মো. মজিবুর রহমানের ব্যক্তিগত অফিস থেকে তার পিওনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে কালিয়াকৈর বাজার বাসস্ট্যান্ড এলাকার অফিস থেকে লিটনের (২৮) লাশ উদ্ধার করা হয়।
কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোয়াজ্জেম হোসেন জানান, সকাল সাড়ে ১১টার দিকে মেয়রের ব্যক্তিগত অফিসের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় লিটনের লাশ পাওয়া যায়।
গলায় মাফলার দিয়ে ছাদের রডের সঙ্গে লাশ ঝুলছিল।
এসআই মোয়াজ্জেম আরো জানান, লিটনের পকেটে একটি চিরকুট ছিল, যাতে লেখা রয়েছে- ‘মা আমার লাশ শারমিন (তার স্ত্রী) যাতে দেখতে না পায়।’
স্বজনদের বরাত দিয়ে এসআই মোয়াজ্জেম আরো জানান, লিটনের স্ত্রী ঢাকায় একটি কলেজে লেখাপড়া করেন। মাঝে-মধ্যে বাড়ি আসেন। দাম্পত্য কলহের কারণে লিটন আত্মহত্যা করেছের বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে মেয়র মজিবুর রহমান জানান, সকাল ১০টার দিকে তার অফিস সহকারী জিল্লুর রহামান অফিসের মূল দরজার তালা খোলেন। পরে সেখানে বসে পিওন লিটনকে মোবাইল ফোনে কল দিলে পাশের কক্ষে একাধিকবার মোবাইল ফোন বাজলেও তা রিসিভ না করায় তিনি ওই কক্ষের দরজায় ধাক্কা দিতে থাকেন।
তারপরও দরজা না খোলায় বিষয়টি তিনি মেয়রকে অবহিত করে। পরে ওই কক্ষের পেছনের খোলা জানালা দিয়ে লিটনের ঝুলন্ত লাশ দেখতে পান জিল্লুর।
পুলিশ দরজা ভেঙে লাশ উদ্ধার করে গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় কালিয়াকৈর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
লিটন স্থানীয় বড়ইতলী এলাকার মো. খোরশেদ আলমের ছেলে।
