বরিশালে যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার
বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ভাড়া করা ভবন থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার নগরীর কালিবাড়ি রোড সিতলাখোলা এলাকায় ট্রাফিক পুলিশ কার্যালয়ের তৃতীয় তলা থেকে ওই ভবন মালিক মৃত আজিজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম রুকুর (৩৫) লাশ উদ্ধার করা হয়।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) আবু রায়হান মো. সালেহ জানান, তিন তলা ভবনের প্রথম ও দ্বিতীয় তলা ভাড়া নিয়ে ট্রাফিক বিভাগ পরিচালনা করা হচ্ছে। তৃতীয় তলায় ভবন মালিকের ছেলে জহিরুল ইসলাম রুকু একা বসবাস করতেন।
তিনি বলেন, “বুধবার সকালে রুকুর কক্ষ থেকে দুর্গন্ধ বের হয়। পরে দরজা ভেঙ্গে কোতয়ালী থানা পুলিশ রুকুর অর্ধগলিত লাশ উদ্ধার করে।”
কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ ছিল বলেও জানান তিনি।
কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) কবির হোসেন বলেন, লাশের ধরণ দেখে মনে হচ্ছে ৩/৪দিন আগে মৃত্যু হয়েছে। তবে কি কারণে বা কিভাবে তার মৃত্যু হয়েছে ময়নাতদন্ত প্রতিবেদন ছাড়া বলা সম্ভব নয়।
