২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছিনতাইকারী ধরতে তালিকা করে অভিযান

রোজা ও ঈদকে সামনে রেখে তালিকা তৈরি করে ছিনতাইকারী ধরতে অভিযানে নেমেছে চট্টগ্রাম পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

উত্তম সেনগুপ্ত, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 08:17 PM

Updated : 01 Sep 2026, 12:50 PM

বিভিন্ন থানা থেকে পাঠানো তথ্যের ভিত্তিতে ১০২ জনের একটি তালিকা হয়েছে বলে চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গোয়েন্দা) বাবুল আক্তার জানিয়েছেন।

তাদের ধরতে রোজা ও ঈদকে সামনে রেখে অভিযান শুরু হয়েছে এবং তা পরেও চলবে বলে অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) বনজ কুমার মজুমদার জানিয়েছেন।

বন্দর নগরীর বিভিন্ন স্থানে ভোর এবং সন্ধ্যায় ছিনতাইকারীদের সক্রিয়তা দেখা যায়। ঈদের আগে ব্যাপক কেনা-বেচার মধ্যে এদের তৎপরতাও বেড়ে যায়।

পুলিশ কর্মকর্তারা বলছেন, জিইসি মোড় থেকে লালখান বাজার সড়ক হয়ে আগ্রাবাদ এবং টাইগারপাস, সিআরবি হয়ে বিআরটিসি বাস স্টেশন ও নিউ মার্কেট হয়ে রেল স্টেশন এলাকায় ছিনতাইকারীর দৌরাত্ম্য বেশি।

এছাড়া অজ্ঞান পার্টির সদস্যরাও বিভিন্ন বিপণি বিতান ও গণপরিবহনে সক্রিয় থাকে। সুযোগ বুঝে মানুষকে অজ্ঞান করে তাদের কাছ থেকে টাকা পয়সা ও প্রয়োজনীয় জিনিসপত্র হাতিয়ে নেয় তারা।

বনজ মজুমদার মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রোজায় যাতে সাধারণ লোকজন নির্বিঘ্নে বাজার করতে পারে, সেজন্য ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে।”

তিনি জানান, দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত এই নগরীর ২৩টি স্থানে সিসি ক্যামেরা বসানো হচ্ছে। রোজার আগেই এসব ক্যামেরা সচল হবে।

বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছিনতাইকারীদের ধরতে বিভিন্ন থানাওয়ারি তালিকা তৈরি হয়েছে।

“ইতোমধ্যে বিভিন্ন থানা থেকে পাঠানো নাম অনুযায়ী ১০২ জনের তালিকা হয়েছে। তালিকার অনেকে গ্রেপ্তারও আছে।”

১০২ জনের তালিকা হলেও পুলিশের হাতে ধরা পড়েনি, এমন ছিনতাইকারীও নগরীতে রয়েছে বলে সংশ্লিষ্টদের ধারণা। ফলে তাদের নাম তালিকায় নেই।

গত ২০ মে আকবর শাহ থানা পুলিশ যে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছিল, তারা ছয় বছরে এবারই প্রথম ধরা পড়েন।

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) করা তালিকায় সবচেয়ে বেশি ছিনতাইকারী রয়েছে কোতোয়ালি থানা এলাকায় ২৬ জন। এরপর হালিশহর এলাকায় ১৩ জন।

পেশাদার ছিনতাইকারীর পাশাপাশি অনেক মাদকসেবীও একাজে যুক্ত বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

তাই মাদকের বিরুদ্ধেও অভিযান চলবে বলে বনজ মজুমদার জানান।

“নগরীর ২৫৮টি স্পটে মাদক বেচাকেনা হয় বলে আমরা প্রাথমিকভাবে সনাক্ত করেছি। ছাড়া মাদক বিক্রেতাওদেরও একটি তালিকা তৈরি করেছি।”