২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনটিভির আতিক হত্যা মামলায় একজনের ফাঁসি

ছয় বছর আগে বেসরকারি টেলিভিশন এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2014, 02:18 PM

Updated : 22 Aug 2022, 06:34 PM

মঙ্গলবার ঢাকার ২ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মো. নূরুজ্জামান আতিক আসামি শাকিল শিকদারকে (৩৬) মৃত্যুদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা করেছেন।

মামলা অন্য দুই আসামি আবদুল্লাহ মো. ইবনে আলী নাহিদ (৩৬) ও  ফোরকানকে (৩৬) যাবজ্জীবন কারাদণ্ড ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক বছর কারাদণ্ড দেন বিচারক।

এছাড়া আরেক আসামি পলাতক মো. খোকনকে (৪০) ৩ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো একমাস কারাবাসের আদেশ দিয়েছে আদালত।  

রায় ঘোষণার সময় অন্যান আসামিরা উপস্থিত ছিলেন।

মামলার বিবরণ থেকে জানা যায়, আতিক ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে মোটরসাইকেলে করে এনটিভি কার্যালয় থেকে বড় মগবাজার ১৮০/৩ নয়াটোলা বগুড়া গলির বাসায় যাচ্ছিলেন।

মগবাজারের তালতলা গলির ভেতরে ঢোকার পর দণ্ডিত ছিনতাইকারীরা তার মোটরসাইকেলের গতিরোধ করে। তারা আতিককে গুলি করে তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

আতিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান।

পরদিন নিহতের বড় ভাই মো. আবু বকর সিদ্দিক রমনা থানায় এ হত্যা মামলা দায়ের করেন।

গ্রেপ্তারের পর নাহিদ ও শাকিল হত্যার ঘটনায় নিজেদেরসহ অপর দণ্ডিতদের জড়িয়ে ১৬৪ ধারায় জবানববন্দি দেয়।

বাদীর ব্যক্তিগত আইনজীবী রায়হান মোর্শেদ জানান, ২০১০ সালের ৬ অক্টোবর ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতে মামলার অভিযোগ গঠনের পরের বছর ১২ এপ্রিল  নথিপত্র  দ্রুত বিচারের এ ট্রাইবুনালে পাঠানো হয়। বিচারকালে রাষ্ট্রপক্ষে ২৭ জনের সাক্ষ্য নেয়া হয়।

রায় ঘোষণার পর আতিকের বাবা রূপালী ব্যাংকের সাবেক কর্মকর্তা আবদুর রশীদ টেলিফোনে সন্তোষ প্রকাশ করেছেন।

তিনি দ্রুত রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।