ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় পুলিশ কর্মকর্তা নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কে বাসচাপায় পুলিশের এক উপ পরিদর্শক নিহত হয়েছেন।
নিহত নাছির উদ্দিন শরীফ (৪৩) আশুগঞ্জ থানায় কর্মরত ছিলেন। তিনি চট্টগ্রামের হাটহাজারির শরিফবাড়ি গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে।
ওসি আবু জাফর বলেন, সকালে নাছির মোটরসাইকেল নিয়ে আশুগঞ্জ থানা থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিলেন। তিনি মোটরসাইকেল নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কে উঠলে থানার সামনেই ঢাকামুখী রয়েল পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়।
গুরুতর আহত নাছিরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হলে সেখানেই তিনি মারা যান।
দুর্ঘটনার পর বাসটি আটক করা হলেও চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে জানান ওসি।
