টেকনাফে বাড়িতে ঢুকে যুবককে গুলি করে হত্যা
কক্সবাজারের টেকনাফে বাড়িতে ঢুকে এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
নিহত জালাল আহমদ (২৭) ওই এলাকার আজম উদ্দীনের ছেলে।
বাহারছড়া ইউনিয়নের সদস্য গিয়াস উদ্দীন বলেন, জালাল বাড়িতে একা ছিলেন। এ সময় দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে তাকে গুলি করে পালিয়ে যায়।
জালালের বাবা আজম উদ্দীন এ ঘটনার জন্য বেলাল নামের একজনকে দায়ী করে বলেন, “বেলাল আগে থেকেই জালালকে হত্যার হুমকি দিয়ে আসছে।”
টেকনাফ থানার ওসি মো. মোকতার হোসেন বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।
খুনিদের সনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে বলে জানান তিনি।
