শেরপুরের তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার, গুলি উদ্ধার
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পাঁচ সহযোগীসহ তালিকাভুক্ত এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার দুপুরে উপজেলার সীমান্তবর্তী বাঁকাকুড়া গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পরে ওইস্থান থেকে চাইনিজ রাইফেলের ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলেন বাঁকাকুড়া গ্রামের মঞ্জুরুল হকের ছেলে মোহাম্মদ আলী (৩০), তার সহযোগী সিরাজলের ছেলে বাদশা (৩৫), মঞ্জুরুলের ছেলে আনোয়ার (২৩), শ্রীবরদীর পশ্চিম ঝিনিয়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে সিরাজুল (৩০), নেত্রকোনার কাইলাটি গ্রামের রজব আলীর ছেলে চান মিয়া (৩৫) ও কাজিম উদ্দিনের ছেলে ময়েন উদ্দিন (৪৫)।
ঝিনাইগাতী থানার ওসি একেএম ফছিহুর রহমান জানান, তালিকাভুক্ত সন্ত্রাসী মোহাম্মদ আলী তার সহযোগীদের নিয়ে এলাকায় এসে অবস্থান নিয়েছে খবর পেয়ে বেলা ২টার দিকে বাঁকাকুড়ার গ্রামে তার বাড়ি ঘেরাও করে পাঁচ সহযোগীসহ তাকে গ্রেপ্তার করা হয়।
এ সময় মোহাম্মদ আলীর স্বীকারোক্তি অনুযায়ী তার খাটের ড্রয়ার থেকে চাইনিজ রাইফেলের ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মোহাম্মদ আলী পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, তার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান ওসি।
