২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বিজিবি: বিএসএফ কর্মকর্তা

বাংলাদেশে ভারতের উত্তরপূর্বাঞ্চলের সশস্ত্র জঙ্গি শিবিরের অস্তিত্ব থাকার কথা পুনর্ব্যক্ত করলেও তাদের বিরুদ্ধে বিজিবির অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আগরতলা প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2014, 12:05 PM

Updated : 22 Aug 2022, 06:32 PM

শুক্রবার আগরতলার শালবাগানে বিএসএফের সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে ভারতীয় জঙ্গিদের ওপর অভিযান পরিচালনা করার বিজিবির প্রশংসা করেন বিএসএফের  বিশেষ মহাপরিচালক বি ডি শর্মা।

তিনি সাংবাদিকদের বলেন, ত্রিপুরা সীমান্তের ওপারে বাংলাদেশে কমপক্ষে ২১টি বিদ্রোহী শিবির রয়েছে। আর উত্তর-পূর্বাঞ্চলীয় অন্য রাজ্যগুলোর সীমান্তের ওপারে কমপক্ষে এরকম ২৪টি শিবির রয়েছে।

শর্মা বলেন, “এসব শিবিরের ৮০ থেকে ৯০ শতাংশই ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অব ত্রিপুরা (এনএলএফটি) পরিচালনা করে থাকে। তাদের বেশিরভাগই পার্বত্য চট্টগ্রামের দূর্গম এলাকায় কাজ করে।

বর্তমান বিজিবি প্রধান মেজর জেনারেল আজিজ আহমেদের ভূয়সী প্রশংসা করেন উত্তরপূর্বাঞ্চলীয় সীমান্তে বিএসএফের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা।

শর্মা বলেন, “বর্তমানে বিজিবি বিএসএফের সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। তারা ভারতীয় বিদ্রোহীদের তাড়া করছে। কিন্তু ভৌগলিক অবস্থান ও পার্বত্য চট্টগ্রামে বিএসএফের জনবল স্বল্পতার কারণে সব সময় কাঙ্ক্ষিত ফল পাওয়া যাচ্ছে না।

 “আমি নিশ্চিত করে বলতে পারি তারা (বিজিবি) খুবই ইতিবাচক।  বিজিবির বর্তমান নেতৃত্ব খুবই ইতিবাচক। আমরা যখনই কোনো বার্তা পাঠাই তারা সাথে সাথেই ব্যবস্থা নেয়।  এখন ঊভয় পক্ষে পাহাড়ি অঞ্চল একটা বড় সমস্যা এবং উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর ওপারে বিজিবির সদস্য সংখ্যা খুবই কম।

“আমাদের অনুরোধে সাড়া দিয়ে তারা (বিজিবি) মিজোরাম রাজ্যের বনাঞ্চলে সদস্য সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। এটা করতে তারা নতুন ব্যটালিয়ন বাড়াচ্ছে ।”

“তারা আমাদের অনেক সহযোগিতা করছে এবং উগ্রবাদীদের বিরুদ্ধে নিজেরা কি পদক্ষেপ নিচ্ছে তা আমাদের জানাচ্ছে। আজ আমি আগরতলা থেকে বিজিবি মহাপরিচালকের সঙ্গে কথা বলেছি, বিস্তারিতভাবে।  তিনি আশ্বস্ত করেছেন, আমাদের উদ্বেগ আমলে নিয়ে তারা যথাসাধ্য চেষ্টা করবেন।  তিনি (মেজর জেনারেল আজিজ) খুবই ইতিবাচক মানুষ।”

বিএসএফের বিশেষ মহাপরিচালক বলেন, সীমান্তে দুর্বৃত্তদের বিরুদ্ধে বিএসএফকে মারণঘাতী অস্ত্র ব্যবহার করতে অনুমতি না দেয়ার ভারতের সিদ্ধান্ত ‘সঠিক’ ছিল।

“ওটার ফলে সীমান্তে গুলিতে মৃত্যুর সংখ্যা অনেক কমেছে এবং এটা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে সহায়তা করবে।”

এমন এক সময়ে শর্মা একথা বললেন যখন বিএসএফের শীর্ষ কর্মকর্তারা অস্ত্রে সুসজ্জিত পাচারকারীদের আক্রমণের মুখে বিএসএফ সদস্যদের রক্ষার যুক্তি দেখিয়ে এই সিদ্ধান্ত বাতিলের পক্ষে কথা বলছেন।