লালমনিরহাটে দম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সদ্য বিবাহিত তরুণ-তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী (কুমারটারী) গ্রামে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মৃতরা হলেন কুমারটারী গ্রামের মেনাজুল ইসলামের ছেলে সুজন (২০) ও তার স্ত্রী মর্জিনা বেগম মজি (১৮)।
সুজনের স্বজনরা জানান, প্রেম করে ২০ দিন আগে সুজন বিয়ে করেন একই এলাকার এন্তাজ আলীর ১ম স্ত্রীর মেয়ে মর্জিনা বেগম মজিকে। সুজনের পরিবার এ বিয়ে মেনে নেয়নি। তাই নবদম্পতি মেয়ের বাবার বাড়িতে থাকা শুরু করে।
প্রতিবেশীরা জানান, গত রাতে ওই বাড়িতে ঝগড়াঝাটি ও চিৎকারের শব্দ শুনেছেন তারা। শুক্রবার সকালে ওই বাড়িতে কারো কোনো সাড়া শব্দ না পেয়ে আশপাশের লোকজন বাড়ির ভিতরে গিয়ে দেখেন বাড়িতে কেউ নেই, ঘরের দরজা খোলা।
পরে তারা ঘরের ভিতর একই রশিতে ঝুলন্ত অবস্থায় দুজনের লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন।
আদিতমারী থানার ওসি তদন্ত শেখ শাহীন কামাল জানান, লাশ ময়নাদতন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এখনো কোনো অভিযোগ না পাওযা যায়নি। পরবর্তীতে তদন্ত স্বাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।
লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম জানান, এটি হত্যা নাকি আত্বহত্যা তা ময়নাতদন্ত ছাড়া বলা যাচ্ছে না।
