২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্ঘটনায় গুরুতর আহত সংস্কৃতি সচিব

নাটোরে সড়ক দুর্ঘটনায় সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ কুমার বিশ্বাস গুরুতর আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2014, 05:36 PM

Updated : 25 Apr 2022, 04:20 PM

তার মাথায় আঘাত লাগার পাশাপাশি কোমরের একটি হাড় সরে গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।

শুক্রবার দুপুরে নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাকার মোড়ে বনপাড়া-হাটিকুমরুল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, বেলা দেড়টার দিকে রাজাকার মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী সচিবের পাজেরো জিপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে জিপের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

গাড়িতে থাকা সচিব রণজিৎ কুমার গুরুতর আহত হন। তার দেহরক্ষী রফিকুল ইসলাম (৪০) ও গাড়িচালক দ্বীন মোহাম্মদও (৪৫) আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে বনপাড়ার একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বিকাল পৌনে ৫টার দিকে সচিবকে রাজশাহী মেডিকেলে আনার পর তার অস্ত্রোপচার হয় বলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নাজমুল হোসাইন জানান।

হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের প্রধান বি কে দাম বলেন, রণজিৎ কুমার মাথায় আঘাত পেয়েছেন। এছাড়া তার কোমরের বাঁ দিকের একটি হাড় সরে গেছে। অস্ত্রোপচার করে তার কোমরের হাড় জায়গায় আনা হয়েছে।

“তিনি এখন আশঙ্কামুক্ত।”

রাজশাহী মেডিকেলে অস্ত্রোপচারের পর রাত সাড়ে ৭টার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সচিবকে ঢাকায় আনা হয়।

একটি অনুষ্ঠানে অংশ নিতে বৃহস্পতিবার সচিব রাজশাহী গিয়েছিলেন বলে সংস্কৃতি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আহমেদ কুতুবউদ্দিন জানিয়েছেন।