বিক্রমপুর জাদুঘরের যাত্রা শুরু
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বিক্রমপুর জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
শুক্রবার বেলা ১২টায় বালাসুর রাজা যদুনাথের বাড়িতে জাদুঘরের দ্বার উম্মোচন হয় এবং দেড়টায় পাশের পুকুরে সাম্পান ভাসিয়ে নৌকা জাদুঘরের উদ্বোধন করা হয়।
এর আগে জাদুঘর প্রঙ্গণে আয়োজিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি আসাদুজ্জামান নূর বলেন, বিক্রমপুর এমন একটি জনপদ যেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মূল্যমান অনেক পুরাকীর্তি। সেগুলোর সংরক্ষণে বর্তমান সরকার পদক্ষেপ গ্রহণ করেছে।
বিক্রমপুর জাদুঘর শুধু বিক্রমপুর নয় সমগ্র বাংলাদেশের একটি শ্রেষ্ঠ জাদুঘরে রূপান্তর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
যদুনাথ রাজার বাড়ির প্রাচীন ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলো সংরক্ষণের মাধ্যমে পর্যায়ক্রমে সকল পুরাকীর্তি সংরক্ষণ করা হবে বলে জানান তিনি।
অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশনের সভাপতি নূহ উল আলম নেনিনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারাকাত, অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, কেন্দ্রীয় আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু প্রমুখ।
মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী সওদাগড় মোস্তাফজুর রহমান জানান, জেলা পরিষদের অর্থায়নে জাদুঘরটি নির্মিত হয়েছে। এটি দেখভালের দায়িত্ব পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান অগ্রসর বিক্রমপুর ফাউন্ডেশন।
