২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় দিনে ২০০ গাড়ি নামছে

রাজধানীতে চলাচলের জন্য প্রতিদিন বিভিন্ন ধরনের ২০০টি নতুন যানবাহনের নিবন্ধন দেয়া হচ্ছে বলে জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2014, 11:14 PM

Updated : 22 Aug 2022, 06:31 PM

চট্টগ্রামের সাংসদ এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে বৃহস্পতিবার সংসদে মন্ত্রী এই তথ্য জানান।

তবে ঢাকায় রাস্তার আয়তনের তুলনায় কি পরিমাণ বেশি যানবাহন চলাচল করছে তা নিরূপণে সরকারিভাবে কোনো জরিপ হয়নি বলে জানান কাদের।

তিনি বলেন, রাজধানীতে ২০ বছরের বেশি পুরনো মিনিবাস ও ২৫ বছরের বেশি পুরনো মালবাহী ট্রাক, লরি-পিকআপ চলাচল নিষিদ্ধ করা হয়েছে।

জেলা প্রশাসনের সহায়তায় বিআরটিএ ঢাকায় জরাজীর্ণ গাড়ির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে বলেও জানান যোগাযোগমন্ত্রী।

বিকাল ৪টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।  

রেলওয়ের ১২০টি কোচ সংগ্রহ প্রক্রিয়াধীন

সংসদে রেলমন্ত্রী মুজিবুল হক জানিয়েছেন, যাত্রীবাহী কোচের স্বল্পতা কমাতে একশ’ ২০টি কোচ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

সংরক্ষিত মহিলা আসনের আখতার জাহানের প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, বর্তমানে রেলওয়েতে ব্রডগেজ যাত্রীবাহী কোচের স্বল্পতা রয়েছে। বিগত নভেম্বর-ডিসেম্বরে বিএনপি-জামায়াত জোটের হরতাল, অবরোধ ও রেলওয়েতে সন্ত্রাস-নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে বেশ কিছু যাত্রীবাহী কোচ ক্ষতিগ্রস্ত হয়েছে। আপাতত আরেকটি আন্তঃনগর ট্রেন পরিচালনা এ মুহূর্তে সম্ভবপর হবে না।

“তবে ভারতীয় রাষ্ট্রীয় ঋণের আওতায় ১২০টি বিজি কোচ সংগ্রহের প্রক্রিয়া চলমান রয়েছে। এসব কোচ সংগ্রহের পর রাজশাহী-ঢাকা রুটে ননস্টপ ট্রেন চালুর বিষয়টি বিবেচনা করা যাবে।”

নাসিমা ফেরদৌসীর প্রশ্নের জবাবে তিনি জানান, ঢাকার কমলাপুর স্টেশন থেকে প্রতিদিন ১২২টি যাত্রীবাহী ট্রেন নিকটবর্তী জেলাগুলো দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যাতায়ত করে থাকে। এতে দৈনিক গড়ে প্রায় ৫৫ হাজার যাত্রী ঢাকা ছাড়ে এবং প্রায় ৪৫ হাজার যাত্রী ঢাকায় আসে।

সামশুল হক চৌধুরীর প্রশ্নের জবাবে রেলমন্ত্রী মুজিবুল হক জানান, রেলওয়ে যেসব স্থানে সিগন্যালিং সিস্টেম এনালগ রয়েছে এগুলোকে পর‌্যায়ক্রমে কম্পিউটারভিত্তিক সিগন্যালিং সিস্টেমের আওতায় আনা হবে।

ইতোমধ্যে রেলওয়ের ৪৭টি স্টেশনে আধুনিক কম্পিউটার ভিত্তিক [ডিজিটাল] সিগন্যাল সিস্টেম স্থাপন করা হয়েছে বলে জানান তিনি।

রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানেরেলওয়েতে ২৮৯ টি ইঞ্জিন (লোকোমোটিভ) রয়েছে। ব্রডগেজ লোকোমোটিভ রয়েছে ৯৩টি ও মিটারগেজ লোকোমোটিভ রয়েছে ১৯৬ টি।

তিনি জানান, রেলওয়েতে বর্তমানে ১৪৮৯টি যাত্রীবাহী বগি রয়েছে। এরমধ্যে ব্রডগেজ ৩২৪টি ও মিটারগেজ ১১৬৫টি।

চাহিদার প্রেক্ষিতে এ যাত্রীবাহী বগি অপ্রতুল বলে জানান তিনি।