এনসিটি দ্রুত চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) দ্রুত চালুর ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে বার্থ অপারেটর অ্যাসোসিয়েশন।
বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সহ-সভাপতি শাহাদাত হোসেন সেলিম এনসিটি পরিচালনার দায়িত্ব দেশীয় বার্থ অপারেটর প্রতিষ্ঠানের হাতে দেয়ারও দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি এনসিটি পরিচালনা সংক্রান্ত নৌ মন্ত্রণালয়ের একটি সার সংক্ষেপের অনুলিপি সংবাদকর্মীদের সরবরাহ করেন।
সার সংক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়া জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মন্ত্রণালয়ের সার সংক্ষেপে এনসিটি চট্টগ্রাম বন্দরের নিজস্ব যন্ত্রপাতি দিয়ে পরিচালনার প্রস্তাব করা হয়েছে, যাতে ২০১৩ সালের ৩ জানুয়ারি স্বাক্ষর করেছেন প্রধানমন্ত্রী।
শাহদাত হোসেন সেলিম বলেন, ২০০৬ সালে এনসিটি নির্মাণ শেষ হয়। অথচ এখনো তা চালু হয়নি।
“শুরুতে বিদেশি অপারেটরদের মধ্য থেকে চারটিকে বাছাই করা হলেও পরে দেশিয় অপারেটরদের সুযোগ দিতে গিয়ে আইনি জটিলতা শুরু হয়।
“এরপর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, নৌ পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় কমিটি ও বন্দর উপদেষ্টা কমিটি সিদ্ধান্ত নেয় দেশিয় বেসরকারি প্রতিষ্ঠান পাঁচ বছর করে এনসিটি পরিচালনা করবে।”
সেলিম বলেন, এ সিদ্ধান্তের আলোকে গত দেড় বছর ধরে যন্ত্রপাতি কেনার চূড়ান্ত দরপত্র প্রণয়ন করা হয়। কিন্তু সংসদীয় কমিটি তাদের প্রথম সভায় সিদ্ধান্ত নেয় বন্দর কর্তৃপক্ষের নিজস্ব যন্ত্রপাতি ছাড়াই এনসিটি পরিচালিত হবে।
“এখন এনসিটি পরিচালনা অনিশ্চিত হয়ে পড়েছে। দরপত্র স্থগিত করা হয়েছে। বিভিন্ন কারণে দীর্ঘসূত্রতা করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। অতি দ্রুত এনসিটি চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাই।”
৫০ হাজার কোটি টাকার এনসিটি পাঁচ-সাতশ কোটি টাকার বিনিময়ে বিদেশিদের হাতে দেয়া হলে অসম প্রতিযোগিতার পাশাপাশি জবাবদিহিতা-স্বচ্ছতাও থাকবে না বলে মন্তব্য করেন তিনি।
এনসিটি পরিচালনার দায়িত্ব কোনো বিদেশি প্রতিষ্ঠানকে দেয়া হলে তা আন্দোলন ও আইনগতভাবে প্রতিহত করারও ঘোষণা দেন সেলিম।
