‘আর কত ক্ষমা’
নিজেদের সর্বনিম্ন রানে অলআউট হয়ে ভারতের কাছে লজ্জার হারের পর জাতির কাছে ক্ষমা চাইলেও বাংলাদেশের ক্রিকেটারদের ক্ষমা করতে নারাজ পাঠকরা।
মঙ্গলবারের হার নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক ফ্যান পেইজে জাতীয় দলের পারফরমেন্সে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা যায় পাঠকদের।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১০৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।
চলতি বছরে ওয়ানডেতে কোনো জয় পায়নি বাংলাদেশ। টানা নবম হারের পর হতাশ অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, “আমরা যেভাবে হেরেছি জাতির জন্য এর চেয়ে বড় লজ্জা আর কিছু আর কিছু হতে পারে না। অধিনায়ক হিসেবে আমি সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি।”
মুশফিকের বক্তব্য সম্বলিত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন ফেইসবুকে শেয়ার হয়েছে ৬ হাজার ৬৪৩ বার আর রিকেমেন্ড করা হয়েছে ৬ হাজার বার।
ফেইসবুকে ইব্রাহিম খান নামে এক পাঠক লিখেছেন, “প্রথমে বিসিবির চেয়ারম্যান, তামিম আর রিয়াদকে বাদ দেয়া হোক, তাহলেই তা দলের জন্য ভালো হবে। নো কম্প্রমাইজ।”
শোয়েব আহমেদ লিমন নামে একজন লিখেছেন, “ক্ষমা করব না.নিজের দেশের মাটিতে ভারতের সেকেন্ড ক্লাশ দলের সাথেই ১০৫ রান করতে পারে না যে দল সেই দল আবার কিসের ...দল আপনারা আর ক্ষমা চেয়ে আমাদের কে আর ছোট করবেন না এমনেতেই আপনাদের জন্য ছোট হয়ে আছি।”
রুপক বিশ্বাস লিখেছেন, “এবার কোন ক্ষমা নেই। বোর্ডের উচিত ব্যবস্থা নেয়া। আমার মনে হয় আমাদের বি টিমও জাতীয় দলের চেয়ে ভালো করবে।”
আলম শেখ লিখেছেন, “ভাই আর কত ক্ষমা চাইবি।”
ক্ষুব্ধ সমর্থক আজিম উদ্দিন লিখেছেন, “ক্ষমা চাইলে সমাধান হবে।বাংলাদেশ ক্রিকেট বোর্ড এসবের পিছনে টাকা খরচ না করে ছাগল লালন পালন করুক!”
এত সব মন্তব্যের ভিড়ে আশার বাণীও শোনা গেছে অনেকের কাছ থেকে।
মাহবুব আলম নামে একজন লিখেছেন, “ক্ষমা করে দিলাম... কিন্তু পরের বার ভাল করতে হবে। উই আর অলওয়েজ উইথ ইউ গাইজ।”
রাফি খান নামে একজন লিখেছেন, “তোমরা আমাদের আর কত কাঁদাবে? কতটা চোখের জল ফেললে তোমরা ভালো খেলবে?”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ফেইসবুক পেইজ (https://www.facebook.com/bdnews24) বাংলাদেশের গণমাধ্যমের ফ্যান পেইজগুলোর মধ্যে লাইক-দাতার সংখ্যা অনুযায়ী নিয়মিত শীর্ষে অবস্থান করে। এই পেইজের মন্তব্য উন্মুক্ত এবং দায় মন্তব্যদাতার।
