২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই বিমানবন্দরে ১৩ কেজি সোনা, আটক ৪

ঢাকার শাহজালাল ও চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে প্রায় সাড়ে ১৩ কেজি ওজনের সোনা আটক করেছে বিমানবন্দরের শুল্ক বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

ও চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2014, 11:22 AM

Updated : 22 Aug 2022, 06:31 PM

বুধবার সকাল ও মঙ্গলবার রাতের দুই ঘটনায় মোট চার যাত্রী আটক হয়েছেন।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগের উপ-পরিচালক মো. মোস্তাফিজুর রহমান জানান, সকাল ১০টার দিকে দুবাই থেকে সিলেট হয়ে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে আসা দুই যাত্রীকে তল্লাশি করে ৬০টি সোনার বার উদ্ধার হয়েছে।

যার ওজন প্রায় সাড়ে সাত কেজি, বাজারমূল্য আনুমানিক পৌনে চার কোটি টাকা।

ফ্লাইটটি সকাল পৌনে ১০টার দিকে বিমানবন্দরে অবতরণ করে।

উপ-পরিচালক মোস্তাফিজুর আরো বলেন, “আরো দুই যাত্রীর কাছে অবৈধ সোনার বার রয়েছে বলে আমাদের কাছে তথ্য আছে। তাদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে এবং আটক দুজনকে জিজ্ঞাসাবাদ চলছে।”

তবে আটককৃতদের নাম জানাননি তিনি।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

এর আগে মঙ্গলবার রাত ১২টার দিকে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জব্দ করা পাঁচ কেজি ৮৫০ গ্রাম ওজনের সোনার পাতগুলোতে রূপালী রং লাগিয়ে পাচারের চেষ্টা চলছিল বলে জানিয়েছেন শুল্ক বিভাগের সহকারী কমিশনার অথেলো চৌধুরী।  

সেখান থেকে আটকরা হলেন- চট্টগ্রামের রাউজান উপজেলার নুরুল আজিম এবং চান্দগাঁও এলাকার হেলাল উদ্দিন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফ্লাই দুবাইয়ের একটি বিমানে করে এই দুইজন দুবাই থেকে চট্টগ্রাম আসে।

“তাদের ট্রলি ব্যাগটি স্ক্যান করার সময় পাতগুলো দেখা যায়। রূপালী রং লাগানো পাতগুলো ব্যাগের ভেতরে দুই পাশে রাখা ছিল। পরে পরীক্ষা নিরীক্ষার পর রাত সাড়ে ১২টার দিকে কাস্টমস কর্তৃপক্ষ ওগুলো সোনা বলে নিশ্চিত হয়।”

জব্দকৃত সোনার বাজার মূল্য প্রায় দুই কোটি ৫০ লাখ টাকা বলে জানান এই কাস্টমস কর্মকর্তা।

পুরনো খবর:

স্বর্ণ জালিয়াতির তদন্ত নিয়ে জটিলতায় সংসদীয় কমিটি