‘আগামীর কৃষক, ই-কৃষক’ কর্মসূচি উদ্বোধন
কৃষক ও কৃষি পণ্য ব্যবসায়ীদের তথ্য ও প্রযুক্তির ব্যবহারে সচেতন করার লক্ষ্য নিয়ে ‘আগামীর কৃষক, ই-কৃষক’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার ফার্মগেইটে কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে বাংলাদেশ ইনস্টিটিউট অফ আইসিটি ইন ডেভেলপমেন্ট (ইওওউ) এর উদ্যোগে এবং গ্রামীণফোন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে -কৃষক ও কৃষিপণ্য ব্যবসায়ীদেরকে তথ্য ও প্রযুক্তির ব্যবহারে সচেতন করা এবং এজন্য হাট-বাজার, স্কুল-কলেজে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন এবং পারস্পরিক পরিচিতি বৃদ্ধি করা।
কৃষির সঙ্গে জড়িত বিভিন্ন মানুষকে জিপি সিআইসি, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র, বাতিঘর সম্প্রসারণ কর্মকর্তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ ও সেবা নেয়ার জন্যে অনুপ্রাণিত করাও এ কর্মসূচির অংশ।
এছাড়া কর্মসূচিতে রয়েছ কৃষক থেকে খুচরা ব্যবসায়ী পর্যন্ত সবার জন্যই তথ্য প্রযুক্তি ব্যবহারের সুবিধা প্রদর্শনীর মাধ্যমে উপস্থাপন করা। ই-লার্নিং ও প্রশিক্ষণের মাধ্যমে কৃষির সঙ্গে নিয়োজিত ব্যক্তি ও কর্মকর্তাদের দক্ষতা বাড়ানো।
এ কর্মসূচির মাধ্যমে ১ লাখ কৃষককে এই কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিটিআরসির চেয়ারম্যান সুনীল কান্তি বোস। এছাড়া তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি বিভাগের সচিব এন আই খান, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনোয়ার ফারুক, গ্রামীণফোনের হেড অফ স্ট্র্যাটেজি আরল্যান্ড প্রেস্ট গার্ড বক্তব্য রাখেন।
