ফরমালিন মেশাতে দেখলেই পুলিশে খবর দিন
কোন অসাধু ব্যবসায়িকে ফলে ফরমালিন বা কার্বাইড মেশাতে দেখলেই পুলিশে খবর দেয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার ডিএমপি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে, অসাধু ব্যবসায়ীদের ধরিয়ে দিতে ০১৭১৩৩৯৮৩১৩ এবং ০১৭৭০৫৪০৯০৪ এই দুইটি মোবাইল নম্বরে যোগাযোগের অনুরোধও করা হয়েছে।
“জনগণকে এ ব্যাপারে আরো সম্পৃক্ত করতে যোগাযোগ করার জন্য মোবাইল নম্বর দেওয়া হয়েছে। জনগণের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ব্যবস্থা নিবে।”
খাদ্য এবং ফলে ফরমালিন মেশানো ঠেকাতে রাজধানীর প্রবেশ পথগুলোতে আটটি চেকপোস্ট বসিয়েছে ঢাকা মহানগর পুলিশ। এসব চেকপোস্টে সন্ধ্যা থেকে পরের দিন সকাল পর্যন্ত একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করে আসছেন।
ডিএমপি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ জুন সন্ধ্যা থেকে সোমবার সকাল পর্যন্ত ঢাকায় ৯৩৯টি ট্রাক ঢোকে। এরমধ্যে ফলবাহী ট্রাকের সংখ্যা ছিলো ২২৪টি।
এসব ট্রাকের মধ্যে ১৯টি ট্রাকের ফলের নমুনায় ফরমালিনের অস্তিত্ব পাওয়া যায়।
এসব ট্রাকের ৯৯০ মণ আম, ৮০ মাণ জাম, এবং প্রায় ১ লাখ লিচু জব্দের পর ধ্বংস করে ফেলা হয়।
এছাড়া রোববার দুপুরে কারওয়ানবাজার ফলের দোকানগুলোতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ১৯ মণ আম এবং প্রায় ৪৫ হাজার লিচু জব্দ করে ধ্বংস করা হয় বলেও ডিএমপি’র বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
