২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে সোয়েটার কারখানায় ভাংচুর, সংঘর্ষ

মজুরি বৃদ্ধির দাবিতে বিক্ষুব্ধ শ্রমিকদের ভাংচুরের পর সাভারের গেন্ডা এলাকায় একটি সোয়েটার কারখানায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2014, 04:08 PM

Updated : 22 Aug 2022, 06:30 PM

সোমবার ‘ডাইনামিক সোয়েটার ইন্ডাস্ট্রিজ লিমিটেডে’ মালিকপক্ষ ও শ্রমিকদের এ সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। পরে পুলিশ লাঠিপেটা করে বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আহতদের মধ্যে গুরুতর জখম একজনকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

শিল্প পুলিশের পরিদর্শক মির্জা সাইজুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মজুরি (পিস রেট) বৃদ্ধির দাবি তুলে শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর করলে কর্তৃপক্ষের সঙ্গে তাদের সংঘর্ষ শুরু হয়। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।

পরে শ্রমিকরা কারখানা থেকে বেরিয়ে কারখানার মূল ফটকের সামনে সড়কে অবস্থান নিলে পুলিশ ধাওয়া করে সরিয়ে দিয়েছে।

কারখানার নিটিং অপারেটর আবুল কালামসহ একাধিক শ্রমিক বলেন, সকাল আনুমানিক ৯টার দিকে শ্রমিকরা পিস রেট বৃদ্ধির দাবিতে বিক্ষোভ শুরু করে। এ সময় কারখানার ডিজাইনার সুমন আহম্মেদ এক শ্রমিককে মারধর করে। তখন শ্রমিকরা উত্তেজিত হয়ে সুমনকে মারধর করে।

খবর পেয়ে কারখানার অন্য কর্মকর্তারাও শ্রমিকদের মারধর করলে সংঘর্ষের সৃষ্টি হয়। এতে বেশ কিছু শ্রমিক আহত হয়েছে। এ সময় শ্রমিকরা কারখানার ভেতরে ভাংচুর করে বাইরে বেরিয়ে বিক্ষোভ দেখালে পুলিশ তাদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।

কারখানাটির সুপারভাইজার ছানোয়ার ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উত্তেজিত শ্রমিকরা বেলা ১১টার দিকে কারখানাটির তৃতীয় ও চতুর্থ তলায় আসবাবপত্র, ওয়ার্কশপ ও জানালার গ্লাস ভাংচুর করেছে। তারা তৃতীয় তলার পাঁচটি ক্লোজ সার্কিট ক্যামেরাও খুলে নিয়ে গেছে।

তবে শ্রমিকদের উপর কর্মকর্তাদের হামলার কথা অস্বীকার করেন তিনি।

পরিচালক আজম খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অযৌক্তিক দাবি তুলে কিছু উচ্ছৃঙ্খল শ্রমিক এ ঘটনা ঘটিয়েছে।

শ্রমিকদের এ উস্কানির পেছনে ভূঁইফোর কিছু শ্রমিক সংগঠন কাজ করছে বলে তিনি দাবি করেন।

কারখানায় ভাংচুরের ফলে প্রায় ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, এখানে নেদারল্যান্ডস, ইতালিসহ বেশ কয়েটি দেশে শিপমেন্টের মাল আছে। শ্রমিক অসন্তোষের ফলে তা অনিশ্চয়তার মধ্যে রয়েছে। তবে কবে নাগাদ কারখানা চালু হবে তা তিনি জানাতে পারেননি।

কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।