২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য পেতে আবেদন যেভাবে

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুসারে যে কোন নাগরিক যে কোন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তথ্যের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া অনুযায়ী আবেদন করতে পারেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2014, 12:55 AM

Updated : 22 Aug 2022, 06:30 PM

তবে আইনটিতে আটটি সরকারি গোয়েন্দা সংস্থাকে তথ্য প্রদানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

তথ্য কমিশনের ওয়েবসাইটে তথ্য আবেদন প্রক্রিয়ার বিবরণ রয়েছে। বাড়তি কিছু তথ্যসহ পাঠকদের জন্য এই প্রক্রিয়াটি তুলে ধরা হল-

কোন সরকারি বা বেসরকারি দপ্তরের তথ্য পেতে হলে ওই  দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করতে হবে। তথ্য কমিশনের ওয়েবসাইটে, বিভিন্ন সরকারি দপ্তরের তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা দেয়া আছে। বেশকিছু বেসরকারী সংস্থার তথ্য কর্মকর্তাদেরও তালিকা দেয়া আছে।

নিচের লিংকগুলো থেকে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের তথ্য প্রদানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকাগুলো পাওয়া যাবে।

http://www.infocom.gov.bd/ic/index.php?option=com_officers&task=listOrgs&org_level=1&lang=bn&Itemid=103

http://www.infocom.gov.bd/ic/index.php?option=com_officers&task=listNgos&org_level=2&Itemid=494&lang=bn

আবেদনকারীকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছ থেকে পাওয়া নির্দিষ্ট আবেদন ফরম পূরণ করে সরাসরি কিংবা ই-মেইলে জমা দিতে হবে। ফরমটি তথ্য কমিশনের ওয়েবসাইটেও নিচের লিংকে পাওয়া যাবে।

http://www.infocom.gov.bd/ic/forms/Form_A_unicode.pdf

দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আবেদন পাওয়ার পর ২০ দিনের মধ্যে সফ্ট কপি,ই-মেইল,প্রিন্ট কপি,ফটোকপি বা সিডিতে করে তথ্য প্রদান করবেন। তবে যে বিষয়ে তথ্য চাওয়া হয়েছে তার সঙ্গে একাধিক তথ্য প্রদান ইউনিট বা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতা থাকলে কর্মকর্তা ৩০ কার্যদিবস সময় নিতে পারবেন।

আবেদনকারীকে প্রিন্ট বা ফটোকপির জন্য পৃষ্ঠা প্রতি দুই টাকা করে পরিশোধ করতে হবে। সিডিতে তথ্য থাকলে সিডির প্রকৃত মূল্য পরিশোধ করতে হবে।

আবেদনকারী অবশ্য চাইলে আবেদনের সঙ্গে ‘ব্ল্যাংক সিডি’ জমা দিতে পারেন। তথ্যটি বই আকারে থাকলে প্রকাশনার নির্ধারিত মূল্য দিতে হবে।

কোনো কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তথ্য প্রদানে অপারগ হলে,আবেদনকারীকে নির্দিষ্ট ফরমে দশ  দিনের মধ্যে লিখিতভাবে অবহিত করবেন।

বিভিন্ন কারণে কোন কর্তৃপক্ষ নাগরিককে তথ্য দিতে আপত্তি জানাতে পারে। যেমন- ওই তথ্য প্রকাশের ফলে যদি রাষ্ট্রের নিরাপত্তা হুমকি সৃষ্টি হয় কিংবা তথ্যটি যদি হয় পরীক্ষার প্রশ্নপত্র বা পরীক্ষায় প্রদত্ত নম্বর সম্পর্কিত আগাম খবর। এরকম তথ্যের একটি তালিকা নিচের লিংকে দেয়া আছে।

http://www.infocom.gov.bd/ic/index.php?option=com_content&view=article&id=60&Itemid=119&lang=bn

আবেদনকারী তথ্য না পেলে বা কোন প্রকারে সংক্ষুব্ধ হলে তথ্য কমিশনে আপিল করতে পারবেন। আপিল করার জন্য নির্ধারিত ফরমটি কমিশনের ওয়েবসাইটে নিচের লিংকে পাওয়া যাবে ।

http://www.infocom.gov.bd/ic/forms/Form_C_unicode.pdf

তথ্য কমিশন এই আবেদন পাওয়ার ১৫ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবে।