ফরমালিনে ‘কটূ’ গন্ধ মেশানোর প্রস্তাব
খাদ্য দ্রব্যে ফরমালিন মেশানো ঠেকাতে আমদানির পর বাজারে ছাড়ার আগে এই রাসায়নিকে বিশেষ এক ধরনের ‘কটূ’ গন্ধ যুক্ত করার প্রস্তাব করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ।
তাদের মতে, এতে খাদ্য দ্রব্যে ফরমালিন মেশানো হলে সহজেই তা মানুষের নজরে আসবে এবং চাইলেও অনেক খাদ্য দ্রব্যে ফরমালিন মেশানো থেকে বিরত থাকতে বাধ্য হবেন ব্যবসায়ীরা।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ মত দেন ফার্মেসি বিভাগের শিক্ষকরা।
সংবাদ সম্মেলনে খাদ্যে দ্রব্যে ফরমালিন রোধের পাশাপাশি ফরমালিনের ক্ষতিকর ব্যবহার রোধে রাজধানীর মিটফোর্ড মার্কেটসহ সব রাসায়নিক দ্রব্যাদি বিক্রির দোকানে ফরমালিনের মজুদ ও বিক্রি বন্ধ করাসহ সরকারের কাছে মোট ১০টি সুপারিশ তুলে ধরেন তারা।
ফরমালিনের বিভিন্ন ক্ষতিকারক দিক সম্পর্কে ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, ফরমালিন রাসায়নিকটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, কিছু রাসায়নিক কারখানা, ট্যানারি শিল্প, প্লাস্টিক ও খেলনা কারখানা ইত্যাদিতে ব্যবহৃত হয়।
এগুলোতে সারা বছর সম্মিলিতভাবে ১০০ টনেরও কম ফরমালিন ব্যবহার হয়। কিন্তু বাংলাদেশে বছরে আমাদানি হয় প্রায় ৫০০ টন ফরমালিন।
“অর্থাৎ দেশে প্র্রায় ৪০০ টন ফরমালিন দুধ, মাছ, সবজি, ফল ইত্যাদিতে মেশানো হচ্ছে,” বলেন তিনি।
ফার্মেসি অনুষদের সাবেক এ ডিন বলেন, খাদ্য দ্রব্যে ফরমালিন রোধে দেশে প্রচলিত মোবাইল কোর্টের তৎপরতা বাড়াতে আরো পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োগ দিতে হবে। কারণ অনেক সময়ই ম্যাজিস্ট্রেটের অভাবে মোবইল কোর্ট পরিচালনা করা যায় না।
“তবে শুধু মোবাইল কোর্টের ওপর নির্ভর করলে চলবে না। কারণ মোবাইল কোর্টের মাধ্যমে যে শাস্তির বিধান রয়েছে তাতে অনেক অসাধু ব্যবসায়ী ১০/২০ হাজার টাকা জরিমানা দিয়ে ব্যবসা করতে প্রস্তুত আছে। কারণ এটা অনেক লাভজনক ব্যবসা।”
ফার্মেসি বিভাগ এবং জাতীয় ভোক্তা সমিতির (জাভোস) যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে ফার্মেসি বিভাগের চেয়ারম্যান সিতেশ চন্দ্র বাছার, ক্লিনিক্যাল ফার্মেসি বিভাগের অধ্যাপক এস এম আব্দুর রহমান, জাভোস’র আহ্বায়ক প্রকৌশলী মুহম্মাদ হিলাল উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
