২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় এক কলেজছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jun 2014, 06:59 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

শনিবার মাগুরা ইউনিয়নের সিংগেরগাড়ী উচ্চ বিদ্যালয়ের একটি কক্ষে দ্বিপেন্দ্র নাথ রায়ের (২২) লাশ পাওয়া যায়।

দ্বিপেন্দ্র উত্তর সিংগেরগাড়ী দোলাপাড়া গ্রামের মনোহরী কান্ত রায়ের ছেলে এবং রংপুর সরকারি কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্র।

দ্বিপেন্দ্র নাথ রায়ের মা চম্পা রানি রায় জানান, শুক্রবার রাতে টেলিভিশনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য স্থানীয় পারের হাটে যান দ্বিপেন্দ্র। রাতে আর বাড়ি ফেরেননি তিনি।

চম্পা রানি আরো জানান, পূর্ব শত্রুতার জের ধরে তিন মাস আগে চায়ের সঙ্গে বিষ মিশিয়ে তার ছেলেকে হত্যার চেষ্টা করেছিল একই গ্রামের বাদশা ও রানা নামে দুই যুবক। ওই সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হন।

এবার তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে দাবি করেন চম্পা রানি।

কিশোরগঞ্জ থানার ওসি শাহ আলম বলেন, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় দ্বিপেন্দ্রর পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।