বেগমগঞ্জে বন্দুকযুদ্ধে ‘শীর্ষ সন্ত্রাসী’ নিহত
নোয়াখালীর বেগমগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী বাশার বাহিনীর প্রধান আবুল বাশার নিহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ২টার দিকে আলাইয়ারপুর ইউনিয়নের যোগীখালী পুল এলাকায় এ ঘটনা ঘটে।
ভারপ্রাপ্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান জানিয়েছেন, শুক্রবার সকালে আবুল বাশারকে আটকের পর তার দেয়া তথ্য অনুযায়ী আলাইয়াপুর ইউনিয়নের যোগীখালি পুল এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।
এ সময় বাশারের সহযোগীরা তাকে ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। জবাবে পুলিশও বেশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এক পর্যায়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বাশার (৪৫)।
ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে দেশীয় দুটি এলজি, চার রাউন্ড কার্তুজ, চারটি কিরিজ ও দুটি চাপাতি উদ্ধার করেছে পুলিশ।
ভোরে বাশারের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এছাড়া বাশার বাহিনীর সদস্যদের হামলায় আহত পুলিশের এসআই জসিম উদ্দিন, এএসআই গোলাম মোস্তাফা, কনস্টেবল কল্প চাকমা ও দিদার হোসেনকে পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।
বেগমগঞ্জ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, আবুল বাশার বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।
তার বিরুদ্ধে হত্যা, অপহরণ, চাদাঁবাজি, অস্ত্র ও বিস্ফোরকসহ বিভিন্ন অপরাধে ২৭টি মামলা রয়েছে।
