২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে গার্মেন্টসে সাংবাদিককে ‘মারধর’

গাজীপুরের টঙ্গীতে একটি তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের আন্দোলনের খবর সংগ্রহ করতে যাওয়া দুই সাংবাদিককে মারধরের অভিযোগ উঠেছে মালিকপক্ষের বিরুদ্ধে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2014, 03:59 PM

Updated : 22 Aug 2022, 06:29 PM

এ ঘটনার সিনকি গ্রুপের পরিচালক আব্দুল্লাহ হেল হাদী (৪০) ও পিয়ন সাগরের (২৭) নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় পাঁচ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

মারধরের শিকার দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান ও একটি অনলাইন পত্রিকার প্রতিনিধি আব্দুল আলিম স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে তারা জানান।

টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার টঙ্গী-ভাদাম রোডের সিনকি গার্মেন্টস কারখানার কয়েক শ শ্রমিক বকেয়া বেতন পরিশোধের দাবিতে কারখানায় কর্মবিরতি শুরু করে।

বেলা ২টা পর্যন্ত কর্মবিরতি করে বকেয়া পরিশোধের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক জানান, প্রতিমাসের ১০ তারিখ বেতন দেওয়ার কথা থাকলেও গত কয়েকমাস ধরে কর্তৃপক্ষ একাধিক কিস্তিতে বেতন পরিশোধ করে আসছে। এতে শ্রমিকদের ঘরভাড়া ও দোকান বাকি পরিশোধে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

চলতি মাস প্রায় অর্ধেক অতিবাহিত হতে চললেও গত মাসের বেতন পরিশোধের ব্যাপারে কর্তৃপক্ষের উদাসীনতা দেখে শ্রমিকরা কর্তৃপক্ষকে চাপ দেয়ার জণ্য কাজ বন্ধ করতে বাধ্য হয়।

দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান জানান, শ্রমিক অসন্তোষের খবর পেয়ে তিনি ও আব্দুল আলিম ঘটনাস্থলে গিয়ে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন।

পরে তারা কারখানা কর্তৃপক্ষের বক্তব্য জানতে গেলে তাদেরকে অফিস কক্ষে আটকে বেধড়ক মারপিট করা হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদেরকে উদ্ধার করে।

টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, ওই ঘটনায় দৈনিক বণিক বার্তার টঙ্গী প্রতিনিধি পলাশ প্রধান বাদী হয়ে থানায় একটি মামলা হয়েছে। এখনো কাউকে আটক করা যায়নি।