সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকদের তালিকা হচ্ছে
সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া দেশের বিভিন্ন কারাগারে আটক ব্যক্তিদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
বৃহস্পতিবার দুপুরে মন্ত্রণালয়ে নিজকক্ষে প্রতিমন্ত্রী জানান, একটি বেসরকারি প্রতিষ্ঠান এ তালিকা তৈরি করছে। তালিকা তৈরির পর প্রতিষ্ঠানটি এসব ব্যক্তিকে ছাড়ানোর ব্যবস্থাও করবে।"
তিনি বলেন, “মূলত প্রথমে নানা অভিযোগে গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ার পর ‘তদবিরের’ অভাবে এসব বন্দি ছাড়া পাচ্ছেন না।”
‘তদবিরের’ বিষয়টি জানতে চাইলে মন্ত্রী বলেন, “বোঝেন না, সুনির্দিষ্ট অভিযোগ নেই অথচ বন্দি রয়েছে। একটু আইনি মোকাবেলা করলেই ছাড়া পাবেন তারা। কিন্তু সেই বন্দির কেউ নেই।”
তিনি জানান, জেলহাজতে এমন বন্দি আছে, যারা জামিনে ইচ্ছা করে বের হতে চায় না। তাদেরও তালিকা হচ্ছে।
বুধবার ট্রলারে করে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগর দিয়ে পাঁচ বাংলাদেশি নিহতের ঘটনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী জানান, এই পাচারের সঙ্গে কারা কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে।
তিনি বলেন, “সাগরে প্রথমে ছোট কোন নৌযান দেখলে কোস্ট গার্ড ও বিজিবি ‘ক্যাজুয়েলি’ থাকে এই ভেবে যে, কেউ হয়তো ভ্রমণে যাচ্ছেন। তবে এক সঙ্গে অনেক মানুষ দেখলে কোস্টগার্ড ও বিজিবি তল্লাশি করে থাকে।”
সমুদ্র পথে নিরাপত্তা আরো বাড়ানো হয়েছে বলে জানান তিনি।
