চট্টগ্রামে সংবর্ধিত অধ্যাপক আনিসুজ্জামান
ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মভূষণ’ পাওয়া ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানকে চট্টগ্রামে সংবর্ধনা দেয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে ‘অধ্যাপক আনিসুজ্জামান সম্মাননা পরিষদ’ এ অনুষ্ঠানের আয়োজন করে।
পরিষদের আহবায়ক বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অধ্যাপক আনিসুজ্জামানকে ‘একজন ব্যতিক্রমী মানুষ’ হিসেবে আখ্যা দেন বক্তারা।
বক্তারা বলেন, আনিসুজ্জামান নিজেকে শুধু শিক্ষকতার মধ্যে সীমাবদ্ধ রাখেননি। বাঙালির সাংস্কৃতিক, রাজনৈতিকসহ সব প্রগতিশীল কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।
আনিসুজ্জামানকে একজন ‘জনপ্রিয় শিক্ষক’ উল্লেখ করে তারা বলেন, তিনি জাতির একজন পথ প্রদর্শক, তাকে অনুসরণ করেই আমাদের পথচলা।
অধ্যাপক আনিসুজ্জামান ১৯৬৯ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন।
অনুষ্ঠানে আনিসুজ্জামান বলেন, “যেখানে জীবনে আনন্দের মুহূর্ত কমে যাচ্ছে, নিরানন্দের মধ্যে নিজেদের দিন পার করছি। এ সম্মান অর্জনের মধ্যে আমার বন্ধু-স্বজনদের ভালো লাগা আমাকে আনন্দ দেয়।”
“জীবনে পুরস্কার-সম্মানের পাশাপাশি তিরষ্কারও যে পাইনি তা নয়। তবে পুরস্কার ও প্রাপ্তির দিকটিই ভারি।”
এখনো শিক্ষা ও সামাজিকক্ষেত্রে কাজ করার চেষ্টা করছেন উল্লেখ করে আনিসুজ্জামান সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক মু. সিকান্দার খান, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব রণজিৎ বিশ্বাস, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আবদুল মান্নান, বাংলার অধ্যাপক গোলাম মুস্তাফা, চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনার সোমনাথ হালদার, অধ্যাপিকা ফেরদৌস আরা আলিম, কবি ও সাংবাদিক আবুল মোমেন ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক।
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সঞ্চালনায় এ সংবর্ধনা সভায় অধ্যাপক আনিসুজ্জামানকে শুভেচ্ছা স্মারক তুলে দেন ভাস্কর অলক রায়।
সভা শেষে অধ্যাপক আনিসুজ্জামানের পছন্দের গান নিয়ে সমবেত সংগীত পরিবেশন করেন রক্তকরবীর শিল্পীরা।
