২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাইসাইকেলে টহল দিবে পুলিশ

পুরান ঢাকার সরু গলি পথ দিয়ে দ্রুততম সময়ে অপরাধস্থলে পৌঁছাতে বাইসাইকেলে করে টহল চালু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 09:47 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার দুপুরে বংশাল থানায় এক অনুষ্ঠানের মাধ্যমে ডিএমপি কমিশনার বেনজীর আহমেদ বংশাল, চকবাজার, লালবাগ ও কামরাঙ্গীর থানার বিশ পুলিশ সদস্যকে বিশটি বাইসাইকেল দেন।

বংশাল থানার ওসি আব্দুল কুদ্দুস ফকির বলেন, "পুরান ঢাকার সরু রাস্তা দিয়ে সহজেই ঘটনাস্থলে পৌঁছাতে পুলিশকে এই বাইসাইকেল দেয়া হয়েছে। বাইসাইকেলের মাধ্যমে পুলিশ পেট্রোলিং আরো বাড়াতে এর সংখ্যাও বাড়ানো হবে।"

অনুষ্ঠানে পুরান ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়কালে পুলিশ কমিশনার বেনজীর আহমেদ বলেন, “আপনারা পুলিশকে যত সহযোগিতা করবেন পুলিশও তত নিরাপত্তা দিতে সক্ষম হবে। আপনার দেয়া তথ্যে নিরাপত্তার পথ সুগম হবে আপনারই।”

এসময় পুলিশ কমিশনার আসছে রমজানে ব্যবসায়ীদের নিরাপত্তার আশ্বাস দিয়ে বলেন, "বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যকলাপ রোধে সরকারিভাবে ক্লোজ সার্কিট ক্যামেরা বসানোর পরিকল্পনা রয়েছে সরকারের। তবে সরকারি কাজে সময় লাগে।

"তাই আপনারাও যদি নিজস্ব খরচে আপনাদের মার্কেটগুলোতে এই ধরনের সিসি ক্যামেরা স্থাপন করেন, তাহলে অপরাধীদের ধরতে পুলিশের অনেক সুবিধা হবে।"

বেনজীর বলেন, "দেশে ফরমালিন একটি আতঙ্কের নাম। গতরাতে (বুধবার) ঢাকা শহরে ১ হাজার ৯২৫টি ট্রাক প্রবেশ করে। তার মধ্যে ২০৮টি বিভিন্ন ধরনের ফলবহনকারী ট্রাক প্রবেশ করে।

এগুলোর মধ্যে ১৩টি ট্রাকের ফলে ফরমালিন পাওয়া গেছে জানিয়ে নগর পুলিশের প্রধান বলেন, "প্রবেশ পথে তল্লাশির কারণে এত কম পাওয়া গেছে।"

তিনি বলেন, "পুলিশের কাছে খবর রয়েছে। এখন ফল ঢাকায় ঢুকবে না। আশপাশের জেলায় এনে রেখে বিভিন্নভাবে শহরে ঢোকানো হবে।"

ভোর ৫টায় প্রবেশ পথে তল্লাশি ওঠানোর পর বাসের ছাদে ফল আনার খবরও পুলিশের কাছে রয়েছে বলে জানান বেনজীর।

অনুষ্ঠানে মৌলভীবাজার, চকবাজার, ইসলামপুর, নয়াবাজারের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।