২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালো কালুরঘাট সেতু বাস্তবায়ন পরিষদ

চীন সফরে গিয়ে চট্টগ্রামের কালুরঘাট সেতু নিয়ে সেখানকার বিনিয়োগকারী ও নির্মাতাদের সঙ্গে কথা বলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 'ধন্যবাদ' জানিয়ে এ বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরুর দাবি জানিয়েছে ‘বোয়ালখালী-কালুঘাট সেতু বাস্তবায়ন পরিষদ’।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2014, 08:04 PM

Updated : 22 Aug 2022, 06:28 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি জানান পরিষদের নেতারা।

সংবাদ সম্মেলনে চীন সফরে গিয়ে কালুরঘাটে দ্বিতীয় সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানান তারা।

লিখিত বক্তব্যে পরিষদের আহবায়ক আব্দুল মোমিন বলেন, ১৯৩০ সালে নির্মিত কালুরঘাট রেল সেতুটি নড়বড়ে হয়ে গেলেও বর্তমানেও যানবাহন চলাচলে কমতি নেই। 

“একমুখী সেতুটির একপাশ দিয়ে গাড়ি উঠলে আরেকপাশে শত শত যানবাহনের জট লেগে যায়। ঘণ্টার পর ঘণ্টা সেতুর দু’পাশে যানজটে আটকে পড়ে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হয়।”

আব্দুল মোমিন বলেন, কর্ণফুলী নদীপাড়ের জনপদ বোয়ালখালী, পটিয়ার পূর্বাঞ্চল। শহরের এত কাছের জনপদ, অথচ এখনও যেন অজ পাড়াগাঁ। অথচ এ জনপদ হতে পারত একটি পরিকল্পিত উপশহর ও শিল্পনগরী।

“৯০ পরবর্তী বিভিন্ন সরকার কালুরঘাটে সেতু নির্মাণের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে। এ নিয়ে আলোচনা, কিছু ফাইল ওয়ার্ক হলেও কার্যকর কোন পদক্ষেপ দেখা যায়নি।“

বর্তমান সরকারের গত মেয়াদের শেষদিকে বোয়ালখালী-কালুরঘাটে নতুন সেতু নির্মাণের বিষয়ে বেশকিছু অগ্রগতি হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “প্রায় ৯০০ কোটি টাকা ব্যয়ে রেলও সড়ক সেতু নির্মাণের একটি প্রস্তাবনা রেল মন্ত্রণালয়ে আছে।”

"কিন্তু প্রস্তাবনাটি অনেক আগে তৈরি করা হলেও এর বাস্তবায়ন হচ্ছে না," অভিযোগ মোমিনের।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চীন সফরে গিয়ে কালুরঘাটে দ্বিতীয় রেল সেতু ও সড়ক সেতু নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, “এতে প্রমাণ হয়েছে, প্রধানমন্ত্রী সেতুটি নির্মাণের ব্যাপারে আগ্রহী।”

এজন্য প্রধানমন্ত্রীকে অভিনন্দনও জানান মোমিন।

চট্টগ্রাম নগরীর উপর জনসংখ্যার চাপ কমাতে শহরের খুব কাছের এ উপজেলায় চীন হোক কিংবা অন্য দেশ হোক, অন্য কোন দাতা সংস্থা হোক, যে কোনভাবে অর্থ সংগ্রহ করে এবছরের মধ্যে সেতু নির্মাণ কাজ শুরু করার দাবি জানান পরিষদ নেতারা।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম আহবায়ক মুস্তফা নঈম, সদস্য সচিব রমেন দাশ গুপ্ত, যুগ্ম সদস্য সচিব আলমগীর মোর্শেদ বাবু, পরিষদ সদস্য সিরাজুল হক বাদশা, সমন্বয়কারী উত্তম সেন গুপ্ত, আবু তাহের টুটুল, সদস্য অ্যাডভোকেট কাজী মো. ইকবাল, ডা. তপন কান্তি দাশ গুপ্ত, আবুল ফজল বাবুল ও সাদেকুর রহমান সবুজ।