২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে দেয়াল চাপায় তিন ভাই-বোনের মৃত্যু

টিলার ওপর নির্মিত সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের সীমানা প্রাচীর ধসে একই পরিবারের তিন জনের মৃত্যু হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2014, 09:01 AM

Updated : 13 Oct 2022, 12:12 PM

মঙ্গলবার রাত ৩টার দিকে লাক্কাতুড়া চা বাগানের কাছে এ ঘটনায় নিহতরা হলো- নাসিমা বেগম (১৬), তার ভাই জাহেদ আহমদ (১৪) এবং তাদের চাচাতো ভাই রুহুল আমীন (১৩)।

নাসিমা-জাহেদের বাবা আজান আলী লাক্কাতুড়া চা বাগানের শ্রমিক। রুহুলের বাবা প্রয়াত কুতুব আলীও একই বাগানের শ্রমিক ছিলেন।

স্টেডিয়ামের সীমানা প্রাচীরের পাদদেশে ঝুপড়ি ঘরে বসবাস করে পরিবারটি।

এ ঘটনা তদন্তে জেলা প্রশাসক পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে মহানগর পুলিশের উপ-কমিশনার এজাজ আহমদ জানান, নাসিমা দুই ভাইকে নিয়ে একটি ঘরে ঘুমিয়ে ছিলেন। রাতে দেয়াল ধসে পড়লে ঘুমন্ত অবস্থায়ই তাদের মৃত্যু হয়।

লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

দুর্ঘটনার পর সীমানা প্রাচীর নির্মাণে নিম্নমানের কাজকে দায়ী করে সকাল সাড়ে ৮টার দিকে চা শ্রমিকরা বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামের কাছে বিমানবন্দর-কোম্পানীগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় ১ ঘণ্টা পর সাড়ে ৯টার দিকে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয়া হয়।

টুকেরবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদ আহমদ জানান, টিলার পাদদেশে বসতি থাকলেও সীমানা প্রাচীরে কোনো গার্ডার (প্রটেকশন পিলার) না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

‘‘তাড়াহুড়ো করে দেয়াল নির্মাণ ও দুর্নীতির কারণে এমন ঘটনা ঘটলো।’’

বার বার ঝুঁকির কথা সংশ্লিষ্টদের জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়া হয়নি বলে জানিয়েছেন নিহত নাসিমা-জাহেদের বাবা আজান আলী।

দুর্ঘটনার কারণ তদন্ত করা হবে জানিয়ে পুলিশ কর্মকর্তা এজাজ বলেন, “বর্ষায় পাহাড়-টিলার পাদদেশে ঝুঁকিপুর্ণ বসবাসকারীদের সনাক্ত করে তাদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হবে।”

সিলেট জেলা প্রশাসক শহীদুল ইসলাম জানান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হাসান মাহমুদকে প্রধান করে গঠিত এ কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।