২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্ত্রী সাজিয়ে শিশু পাচারের চেষ্টা’

বারো বছরের শিশুকে স্ত্রী সাজিয়ে ভারতে পাচারের চেষ্টার অভিযোগে এ যুবককে আটক করেছে বিজিবি।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2014, 06:36 PM

Updated : 22 Aug 2022, 06:27 PM

বিজিবি জানায়, রোববার রাতে রাজশাহী সীমান্তে এ অভিযানে ওই যুবককে আটক এবং মেয়েটিকে (১২) উদ্ধার করা হয়।

সোমবার দুজনকে রাজশাহী নগরীর মতিহার থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবির খানপুর ক্যাম্পের নায়েক হাবিবুর রহমান জানান, ভারতীয় সীমান্তের ১৬১ নম্বর মেইন পিলার থেকে ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

মেয়েটির বরাত দিয়ে হাবিবুর রহমান জানান, মুনছুর রহমান (৩০) নামের ওই যুবক ঢাকার সাভারে তাদের পাশের বাসায় থাকে, তাদের বিয়েও হয়েছে। বিয়ের পর তারা বেড়াতে বের হয়েছিল। তবে, কোথায় বেড়াতে যাচ্ছিল স্বামী তাকে বলেনি।

বিয়ের প্রমাণ হিসেবে মুনছুর রহমানের কাছে বিয়ে নিবন্ধন করার রেজিস্টারের একটি সুবজ পাতা পাওয়া যায়, যাতে কোনো কাজীর সিল বা স্বাক্ষর নেই। শুধু মেয়েটির স্বাক্ষর নেওয়া হয়েছে। আর তাদের ঠিকানা লেখা রয়েছে।

মুনছুর রহমান জানান তারা পালিয়ে এসে কুষ্টিয়ার গোলাপনগরে বিয়ে করেন। রাজশাহীর পবার চর খিদিরপুরে বেড়াতে আসেন। মেয়েটিই তাকে পীড়াপীড়ি করে বাড়ি থেকে বের করে নিয়ে এসেছে এবং বিয়ে করেছে বলে মুনছুর দাবি করেন।  

নগরীর মতিহার থানার এসআই সোহেল রানা বলেন, পাচারকারীরা এভাবেই ভালোবাসার অভিনয় করে মেয়েদের নিয়ে আসে। মেয়েরা বুঝতে পারে না। তারা পাচারকারীকে নিজের স্বামী মনে করে তার জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। এই মেয়েটির কথা শুনেও তাই মনে হচ্ছে।

তিনি বলেন, শিশু পাচারের অভিযোগে মুনছুর রহমানের বিরুদ্ধে থানায় মামলা করা হচ্ছে। মঙ্গলবার আসামিকে আদালতে সোপর্দ করা হবে। আর মেয়েটির ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি বলে জানান তিনি।

পুলিশ জানায়, শিশুটি চতুর্থ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছে। এক বছর আগে পড়া ছেড়ে দিয়েছে। তাদের বাড়ি ভোলায়। তার পরিবার এখন সাভারে থাকে। তার বাবা রাজমিস্ত্রির কাজ করেন।

মুনছুর রহমান কুষ্টিয়ার বাংলা বাজার এলাকার সুবোধ ব্যাপারীর ছেলে। বর্তমানে ঢাকার সভারে থাকেন। মুনছুর রহমান বিবাহিত। তার স্ত্রী তৈরি পোশাক কারখানায় কাজ করেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।